২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ মোয়াজ্জেম ও রফিকুল ইসলামকে গ্রেপ্তারে পরোয়ানা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতার বিরুদ্ধে খুলনার আদালতে আরেকটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 12:38 PM

Updated : 25 Aug 2022, 05:29 PM

খুলনা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতার বিরুদ্ধে খুলনার আদালতে আরেকটি মামলা হয়েছে। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার বিএনপির সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন যুবলীগ নেতা জুলফিকার আলী। শুনানি শেষে হাকিম মো. বারেকুজ্জামান মামলাটি গ্রহণ করে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে আগামী ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন। মামলার বাদি খুলনা জেলা যুবলীগের সহ-সভাপতি জুলফিকার আলী জানান, ২৬ জুলাই বিভিন্ন পত্রিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকি দেওয়ার সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের ভিত্তিতেই তিনি মামলাটি করেছেন। বিএনপির এ দুই নেতার বিরুদ্ধে এর মধ্যে ঢাকা, নড়াইল, মুন্সীগঞ্জ, ভোলা, যশোর ও বগুড়ায় মামলা হয়েছে। প্রধানমন্ত্রীকে হত্যা হুমকির অভিযোগে করা কয়েকটি মামলায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদও আসামি। এসব মামলায় অভিযোগ করা হয়, গত ২৫ জুলাই মুক্তাঙ্গনে এক সমাবেশে শাহ মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, "আপনার বাবার যে পরিণতি হয়েছে আপনারও তাই হবে"। রফিকুল ইসলাম মিয়া বলেছেন, "আপনার বাবা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করায় আল্লাহর নির্দেশে উপরে চলে গেছেন। আপনিও আপনার বাবার পরিণতির কথা চিন্তা করেন"। ওই সমাবেশে খোন্দকার দেলোয়ার হোসেন ও মওদুদ আহমদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৫ ঘ.