ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়াকে দেশের আইনের শাসনের জন্য বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী।
সোমবার দুপুরে ধানমন্ডিতে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
যুদ্ধাপরাধের নিরপেক্ষ বিচারের বিষয়ে তিনি সংশয়ও প্রকাশ করেছেন।
সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, "যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। দেখি কী হয়। এখন কিছু বলার নেই। এ বিচার দেশের আইনের শাসনের জন্য বড় পরীক্ষা।"
নিরপেক্ষ বিচারের বিষয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, "সাজানো আইন, সাজানো বিচার, আইনজীবী দিয়ে এ বিচার কতটুকু নিরপেক্ষ হবে। দেখা যাক।"
যুদ্ধাপরাধীর বিচারের বিষয়টি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিলো না বলে দাবি করেন সালাহউদ্দিন কাদের চৌধুরী।
ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের বিষয়ে সরকারের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের জবাবে সরকারের উদ্দেশ্যে সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, "একদিকে ধর্মভিত্তিক রাজনীতি তুলে দেওয়ার কথা বলবেন। তাহলে ধর্মভিত্তিক সীমান্তের প্রয়োজন কি।"
বর্তমান অবস্থাকে বিএনপির এই নেতা অস্বস্তিকর অভিহিত করে বলেন, "আমরা কিসের মধ্যে আছি, জানি না। এমন একটা অস্বস্তিকর পরিবেশের মধ্য আছি। বাসার বাইরে টিকটিকি (গোয়েন্দা সংস্থার সদস্য) ঘুরাফেরা করে। সর্বক্ষন নজরদারি- কোথায় যাই, বাসায় আছি কিনা-ইত্যাদি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৯২৬ ঘ.
bdnews24