চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধূরীর বিরুদ্ধে রাজনৈতিক 'শিষ্টাচার বহির্ভূত' বক্তব্য দেওয়ার অভিযোগ করেছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী।
রোববার সন্ধ্যায় নগরীর চশমাহিলস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়র।
সম্মেলনে মহিউদ্দিন চৌধুরী বলেন, "এম মনজুর আলম তার অপকর্মের কথা লুকিয়ে গেছেন। তিনি চুরি করেছেন। হলফনামায় তথ্য গোপন করেছেন বলেই আমি আইনের আশ্রয় নিয়েছি।"
তিনি বলেন, "আইন তার রায় দেবে। সবারই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। তাই 'আমি মামলা করে শিশুসুলভ আচরণ করেছি' আমীর খসরু সাহেবের এমন বক্তব্য অশোভন ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।"
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে টেন্ডার ছাড়া ঠিকাদারদের কাজ দেওয়ার প্রমাণ দিতেও সাবেক মন্ত্রী আমির খসরুর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন মহিউদ্দিন চৌধুরী।
মহিউদ্দিন বলেন, "১৭ বছরে আমি আইনি কাঠামোর মধ্যে থেকে নগরবাসীর জরুরি প্রয়োজনে ছোটখাট কিছু কাজ টেন্ডার ছাড়া করিয়েছি। এর বাইরে উল্লেখযোগ্য কোনো কাজ টেন্ডার ছাড়া আমি কাউকে দিয়েছি এমন প্রমাণ কেউ দিতে পারবেন না।"
মেয়র এম মনজুর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে বিএনপি নেতাদের মন্তব্যের জবাবে তিনি বলেন, নির্বাচিত ব্যক্তির পক্ষে রায় মেনে নিতে তার কোনো আপত্তি নেই। কিন্তু আইন ভঙ্গ করে নির্বাচিত হওয়া এবং তা মেনে নেওয়ার সংস্কৃতি বেআইনি ও গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধাস্বরূপ। জয়ী হয়েছেন বলে কারো বিরুদ্ধে তার অপকর্মের কথা বলা যাবেনা এমন ভাবাও উচিত নয়।
শনিবার আমীর খসরু মাহমুদ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, মনজুর আলমের শপথের দিন তার বিরুদ্ধে মামলা করে মহিউদ্দিন চৌধুরী 'ছেলেমানুষীর' পরিচয় দিয়েছেন এবং সিটি কর্পোরেশনে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী টেন্ডার ছাড়া কাজ দিলেও মনজুর তা করবেন না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক কমিটির সদস্য সচিব এমদাদ হোসেন। এসময় নগর আওয়ামীলীগের সহ-সভাপতি সুনীল সরকার, যুগ্ম সম্পাদক ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলসহ কয়েকজন আওয়ামীলীগ নেতা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এইচএ/২৩১৮ ঘ.
bdnews24