২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চরমপন্থীদের বিরুদ্ধে শিগগিরই চিরুনী অভিযান: টুকু

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, পাবনায় চরমপন্থীদের বিরুদ্ধে শিগগিরই চিরুনী অভিযান শুরু হবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 07:23 AM

Updated : 25 Aug 2022, 04:23 PM

পাবনা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, পাবনায় চরমপন্থীদের বিরুদ্ধে শিগগিরই চিরুনী অভিযান শুরু হবে। বুধবার দুপুরে পাবনা শহর থেকে ১১০ কিলোমিটার দূরে বেড়া উপজেলার দুর্গম ঢালারচরের রাজধরদিয়াচরে চরমপন্থীদের গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, "পাবনায় চরমপন্থীদের বিরুদ্ধে শিগগিরই চিরুনী অভিযান শুরু হবে। যেকোনো মূল্যে সর্বোচ্চ মেধা ও শক্তি দিয়ে এ ঘটনায় দায়ী চরমপন্থীদের গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় দাড় করানো হবে।" এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ এবং র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোখলেসুর রহমান ও পাবনার.জেলা প্রশাসক মনজুর কাদের। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাজধরদিয়াচরে গুলি করে তিন পুলিশ সদস্যকে হত্যা করে চরমপন্থীরা। নিহতরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন (৪৪), নায়েক আব্দুল ওয়াহেদ (২৬), কনস্টেবল শফিক আহমেদ (৩০)। ওই ঘটনায় তিন পুলিশ ও পুলিশের সোর্স গণি মিয়া নিহত হয়েছেন এমন খবর প্রকাশ হয়। তবে রাজশাহী পুলিশ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোখলেসুর রহমান বুধবার সাংবাদিকদের জানান, সোর্স গণি মিয়া নিহত হননি। চরমপন্থীদের গুলি থেকে বাঁচতে তিনি মরার ভান করে ঘটনাস্থলে পড়ে ছিলেন। গণি মিয়াকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি। পাবনার পুলিশ সুপার জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সকালে জানান, বুধবার ভোর ৬টায় নিহত তিন পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়। সকাল ৮টায় ময়না তদেন্তর জন্য লাশগুলো পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এইচএ/১৩৫৩ ঘ.