২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের আইনজ্ঞদের সঙ্গে জরুরি বৈঠকে খালেদা

সংবিধান সংশোধনে প্রস্তাবিত সর্বদলীয় সংসদীয় কমিটিতে নাম দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার রাতে দলের ছয় জ্যেষ্ঠ আইন বিশেষজ্ঞের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 03:05 PM

Updated : 25 Aug 2022, 04:12 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে প্রস্তাবিত সর্বদলীয় সংসদীয় কমিটিতে নাম দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার রাতে দলের ছয় জ্যেষ্ঠ আইন বিশেষজ্ঞের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান। বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজ্ঞ ও দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, সাবেক আইনমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ এম কে আনোয়ার এবং সালাহউদ্দিন কাদের চৌধুরী উপস্থিত আছেন। বৈঠকে যোগদানের আগে খোন্দকার দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সর্বদলীয় কমিটির বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। এরপর দলের চেয়ারপারসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।" এই বৈঠকের পরই খালেদা জিয়া অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে পেশাজীবী নেতাদের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য সর্বদলীয় কমিটিতে নাম আহ্বান করে গত রোববার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে চিঠি পাঠান সরকারি দলের পক্ষে সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ। এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন যে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সংবিধান সংশোধনে একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে। সর্বদলীয় কমিটিতে জামায়াতে ইসলামীকে রাখা হবে না বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, আগামী ২২ জুলাইয়ের মধ্যে সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে। প্রস্তাবিত কমিটিতে মোট ১৫ জন সদস্য থাকবেন জানিয়ে তিনি বলেন, "কমিটিতে বিএনপির একজন সদস্য থাকবেন। জামায়াত বিএনপিরই অংশ।" ২০০৫ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে সংবিধানের পঞ্চম সংশোধনী 'বেআইনী' ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এ রায় কার্যকরে সুপ্রিম কোর্টের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় তা পরবর্তী কয়েক বছর স্থগিত থাকে। গণতন্ত্র রক্ষায় সংবিধানের পঞ্চম সংশোধনী 'অপরিহার্য' বলে দাবি করছে প্রধান বিরোধী দল বিএনপি। তবে এই সংশোধনীকে 'বেআইনি ও অসাংবিধানিক' আখ্যায়িত করেছে আওয়ামী লীগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার তিন মাস পর একই বছরের ৩ নভেম্বর ক্ষমতায় আরোহণ করেন সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান। এর কিছুদিনের মধ্যেই তিনি সংবিধানে মৌলিক পরিবর্তন আনেন। এই 'পঞ্চম সংশোধনীর' মধ্যে দিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীকে সহায়তাকারী এ দেশীয় দোসররা রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ পায়। সংবিধানে কোনো পরিবর্তন আনতে হলে সাংসদদের দুই তৃতীয়াংশের সম্মতি লাগে। সংবিধানে জিয়াউর রহমান 'সমাজতন্ত্র' শব্দটি বাদ দিয়ে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' অন্তর্ভুক্ত করেন। এছাড়া তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের এপ্রিল পর্যন্ত রাজনৈতিক ঘটনাবলী আদালতে চ্যালেঞ্জ করার উপরও নিষেধাজ্ঞা জারি করেন। সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি করার সুযোগ হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৫৩ ঘ.