২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আলমগীরের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বৈধ'

নবম জাতীয় সংসদ নির্বাচনে মহিউদ্দিন খান আলমগীরের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশন (ইসি) এর সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 08:10 AM

Updated : 25 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম জাতীয় সংসদ নির্বাচনে মহিউদ্দিন খান আলমগীরের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশন (ইসি) এর সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সাংসদ আলমগীরের করা আপিল অনুমতির আবেদনটি (লিভ টু আপিল) বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে আদালত। প্রধান বিচারপতি মোহম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেয়। মহিউদ্দিন খান আলমগীরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম ও প্রবীর নিয়োগী। রায়ের পর মাহমুদুল ইসলাম সাংবাদিকদের বলেন, "মহিউদ্দিন খান আলমগীরের সংসদ সদস্যপদ বাতিল হবে কী না এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে।" অ্যাডভোকেট প্রবীর নিয়োগী সাংবাদিকদের বলেন, "রিটার্নিং অফিসার মহিউদ্দিন খান আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিল। এর বিরুদ্ধে মহিউদ্দিন ইসিতে আপিল করলে তা খারিজ করা হয়। পরে তিনি আপিল বিভাগে হাইকোর্টের রায়ের ওপরে স্থগিতাদেশ নিয়ে নির্বাচন করেন।" নবম জাতীয় সংসদ নির্বাচনে মহিউদ্দিন খান আলমগীর চাঁদপুর-১ আসনে (কচুয়া) নির্বাচন করে এক লাখ সাত হাজার ৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এহছানুল হক মিলন পান ৮০ হাজার ৮৭২ ভোট। এ রায়ের পর মহিউদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী এহছানুল হক মিলনকে জয়ী ঘোষণা করা হবে কী না এ প্রশ্নের জবাবে প্রবীর নিয়োগী বলেন, "এর কোনো প্রশ্নই আসে না। কারণ এহছানুল হক মিলন এ বিষয়ে কোনো মামলা করেননি।" অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলায় ১৩ বছর সাজা হওয়ায় ২০০৮ সালের ৩ ডিসেম্বর রির্টানিং অফিসার আলমগীরের মানোনয়নপত্র বাতিল করে। এর বিরুদ্ধে ইসিতে তিনি আপিল করলে ৮ ডিসেম্বর তাও খারিজ হয়ে যায়। এরপর হাইকোর্টে তিনি রিট আবেদন করলে ওই বছরের ১৫ ডিসেম্বর তাও খারিজ হয়। হাইকোর্টের ওই আদেশ ওই বছরের ১৮ ডিসেম্বর স্থগিত করে আপিল বিভাগ। এরপর তিনি নির্বাচনে অংশ নেন। সম্প্রতি উচ্চ আদালত দুর্নীতি মামলায় আলমগীরকে অব্যাহতি দিয়েছে। রায়ের পর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রায়ের কপি পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।" তিনি বলেন, মনোনয়নপত্র বাছাইয়ের সময় কেউ দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে তাহলে তার প্রার্থিতা বাতিল করার বিধান রয়েছে। মহিউদ্দিন খান আলমের সদস্য পদ বাতিলের পর চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করে নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান এই নির্বাচন কমিশনার। তবে কবে নির্বাচন কমিশন এই উদ্যোগ নেবে সেটা জানাননি তিনি। এর আগে নির্বাচন কমিশন ভোলা-৩ আসনে আরেক সরকার দলীয় সংসদ সদস্য মো. জসিম উদ্দিন-এর আসনটি শূন্য ঘোষণা করে গত ফেব্র"য়ারিতে। শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ওই আসনের উপ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/আরএ/এমএসবি/ ১৪২৪ ঘ.