২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুরঞ্জিতের জনসভায় গ্রেনেড মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 12:11 PM

Updated : 25 Aug 2022, 01:50 PM

সিলেট, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহবুব-উল-ইসলাম মামলার ৬৩ সাক্ষীর মধ্যে তিনজনের সাক্ষ্য নিয়েছেন। এ সময় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানসহ ছয় আসামি উপস্থিত ছিলেন। মামলার আরেক আসামি পলাতক রয়েছেন। গত ৩০ জুন আদালতে হত্যা ও বিস্ফোরক আইনে করা দুটি মামলায় অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি (পিপি) কিশোর কুমার কর জানান, দিরাইয়ের স্থানীয় চিকিৎসক এমদাদুল হক, মো. আব্দুল খালেক ও মো. আব্দুর রবের সাক্ষ্য নেওয়া হয়েছে। তিনি জানান, আগামী ২০ জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেছে আদালত। মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ২১ জুন দুপুরে সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে জিওর মন্দিরের কাছে জনসভা মঞ্চের পাশে গ্রেনেড বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে সে সময়কার বিরোধী দল আওয়ামী লীগের এক কর্মী নিহত হন। আহত হয় আরো ২৯ জন। হামলার সময় সুরঞ্জিত অল্পের জন্য রক্ষা পান। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে দিরাই থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। মামলার আসিমরা হলেন- হরকাতুল জিহাদের প্রধান মুফতি হান্নান, তাঁর ভাই মহিবুল্লাহ ওরফে অভি, মইনুদ্দিন ওরফে আবু জান্দাল, দেলোয়ার হোসেন ওরফে রিপন, নাজিউর রহমান ওরফে নাজু, শরীফ শাহেদুল আলম বিপুল ও সৈয়দ নাঈম আহমদ আরিফ। এর মধ্যে নাজিউর রহমান ওরফে নাজু পলাতক রয়েছেন। ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির সিলেট অঞ্চলের সংগঠক শরিফ শাহেদুল আলম ওরফে বিপুল ও হাফেজ সৈয়দ নাঈম ওরফে আরিফ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়। তাদের জিজ্ঞাসাবাদে সুরঞ্জিতের জনসভায় গ্রেনেড হামলায় জঙ্গি সংগঠনটির সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। ২০০৮ সালের ১৪ ডিসেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার অধিকতর তদন্তের পর সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৭ ঘ.