২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ তদন্ত সংস্থায় তিন নতুন সদস্য

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে তদন্ত সংস্থায় আরো তিন জন নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 09:45 AM

Updated : 25 Aug 2022, 01:08 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে তদন্ত সংস্থায় আরো তিন জন নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক গেজেটে বৃহস্পতিবার এ নিয়োগ দেওয়া হয়। নতুন নিয়োগ পাওয়া তিন সদস্য হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (চলতি দায়িত্ব) এসএম আক্তারুজ্জামান, সিআইডির সহকারি পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ও সিআইডির পরিদর্শক মো. ওবায়েদ উল্লাহ। স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার স্বাক্ষরিত গেজেটে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ২৫ মার্চ প্রথম দফায় সাতজনকে তদন্ত সংস্থার সদস্য হিসেবে নিয়োগ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মধ্যে একজন পদত্যাগ করেছেন। অন্য আরেকজন পদোন্নতি পেয়ে অন্যত্র চলে গেছেন। নতুন তিন সদস্য নিয়োগের ফলে বর্তমানে তদন্ত সংস্থার সদস্য সংখ্যা আটজনে দাঁড়িয়েছে। সংস্থার বর্তমান সদস্যরা হলেন- সাবেক অতিরিক্ত আইজিপি মো. আবদুর রহিম, সাবেক ডিআইজি কুতুবুর রহমান, মেজর (অব:) এএসএম সামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান, সিআইডি সহকারী পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন, পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মো. নূরুল ইসলাম, সিআইডি পরিদর্শক আবদুর রাজ্জাক খান ও মো. ওবায়েদ উল্লাহ। স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার জানান, তদন্তের স্বার্থে এ সংস্থায় এএসপি ও পরিদর্শক পদমর্যাদার এসব কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/কেএমএস/১৬৪২ ঘ.