২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ প্রাঙ্গণে বিএনপি সাংসদদের মানববন্ধন

গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে বুধবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপির সংসদীয় দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 06:49 AM

Updated : 25 Aug 2022, 01:06 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে বুধবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপির সংসদীয় দল। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। বিএনপির জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমদ, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, জাফরুল ইসলাম চৌধুরী, মাহবুবউদ্দিন খোকন, আবুল খায়ের ভূঁইয়াসহ ২৪ জন সাংসদ এ কর্মসূচিতে অংশ নেন। জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আজাদ এবং শামসুল ইসলামও ছিলেন মানববন্ধন কর্মসূচিতে। মানববন্ধনে সাংসদরা গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ও গ্রেপ্তার সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে বিদেশে সুচিকিৎসার জন্য তার আশু মুক্তির দাবিও জানান। মওদুদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শান্তিপূর্ণ হরতালে রাজনীতিবিদ মির্জা আব্বাস, কূটনীতিক শমসের মবিন চৌধুরী ও সাংসদ এ্যানির ওপর হামলা ও গ্রেপ্তারের ঘটনার নিন্দনীয়। এটা কোনো গণতান্ত্রিক সরকারের আচরণ হতে পারে না। আমরা অবিলম্বে নেতাদের মুক্তি দাবি করছি।" এর আগে গত মঙ্গলবার বিএনপির সংসদীয় দল রোববারের হরতালে গ্রেপ্তারকৃত দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী, সাংসদ এ্যানিসহ নির্বাচিত ওয়ার্ড কমিশনার এবং অঙ্গসংগঠনের নেতাদের গ্রেপ্তারের ঘটনা ও মির্জা আব্বাসের শাজাহানপুরের বাসায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্যাতন ও হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে। মঙ্গলবার দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক এ দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এজে/১২৪৫ ঘ.