ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয় পুলিশি অবস্থান আরও জোরদার হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টা থেকে রমনা থানা পুলিশের একটি দল কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পুরানা পল্টনে অবস্থিত দলটির মহানগর কার্যালয়ের সামনেও পুলিশ রয়েছে।
রমনা থানার ওসি শিবলি নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''কোনো মিছিল-সমাবেশ করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সেজন্য পুলিশ এখানে অবস্থান নিয়েছে।''
রাত ৮টার দিকে মগবাজারের কার্যালয়ের সামনে আরও দুই ট্রাক পুলিশ আনা হয়।
এদিকে দলের জ্যেষ্ঠ নেতা নায়েবে আমির মকবুল আহমাদ, সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলামসহ ৯জন নেতা মাগরিবের নামাজের পর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। তারা এক বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলন করেন।
বিকালে মহানগর মুখ্য হাকিম আদালত এক আদেশের পর মৌলবাদী রাজনৈতিক দলটির আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর থেকে জামায়াতের কার্যালয়ের পর পুলিশের অবস্থান ক্রমশ বাড়তে থাকে।
গত ১৭ মার্চ মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ছাত্র শিবিরের এক সভায় নিজামীকে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএম/জিএনএ/২১৪১ ঘ.
bdnews24