ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরী চট্টগ্রামের মেয়র নির্বাচিত হওয়ায় এম মনজুর আলমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি করপোরেশনের এই নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চট্টগ্রামের স্থানীয় প্রশাসনকে ধন্যবাদও জানান।
একইসঙ্গে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় বন্দরনগরীর বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, "চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আবারো প্রমাণ করেছে যে, একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের বিষয়ে সরকার আন্তরিক ও দৃঢ়প্রতিজ্ঞ।"
ভোটের রায়ের সুষ্ঠু প্রতিফলন নিশ্চিত করতে স্থানীয় জনগণের সারারাত জেগে থাকার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, "কিন্তু, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণ আমাদের ক্ষমতায় বসিয়েছে। এজন্য, এই সরকার জনগণের অধিকার ও নির্বাচনে জনগণের রায় প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ।"
তিনি বলেন, সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করতে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করা হবে।
"জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকারের সর্বোচ্চ প্রচেষ্ঠা অব্যাহত থাকবে"
বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের একটি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোট নেওয়ার মাধ্যমে দেশে প্রথমবারের মতো ই-ভোটিং চালু হয়েছে।
এ প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় এটি আরেক ধাপ অগ্রগতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/কেএমএস/১৫০৮ ঘ.
bdnews24