খুলনা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুবলীগ নেতা শহীদ ইকবাল বিথার হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মঞ্জুর হাবিব খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার খুলনার মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামান খোকনকে হেফাজতে নেওয়ার অনুমতি দেন।
সোমবার রাত ১০টার দিকে সরকারি সিটি কলেজ ছাত্রসংসদের সাবেক সহসভাপতি ছাত্রলীগ নেতা মঞ্জুর হাবিব খোকন ওরফে আমেরিকা খোকনকে (৪২) গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খোকনকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। আদালত শুনানি শেষে পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
খুলনা থানার ওসি মুনীর-উল-গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খোকনকে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে আটক করা হয়েছে।
রাতভর জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে তাকে বিথার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি আরো জানান, খোকনের বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ ৭-৮টি মামলা রয়েছে।
যুবলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহীদ ইকবাল বিথার ২০০৯ সালের ১১ জুলাই সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ মামলায় এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০০৮ ঘ.
bdnews24