পাবনা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেনে ডিলাক্স রুমের টিকিট না পেয়ে ঈশ্বরদী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টারকে পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর বিরুদ্ধে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঈশ্বরদী রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষে ডিলুর সঙ্গে যোগাযোগের জন্য বেশ কয়েকবার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাংসদ ডিলু তখন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এক প্রহরীকেও পেটান। পরে ওই ট্রেনের ডিলাক্স রুমে আসনের ব্যবস্থা করা হলে শান্ত হন পাবনা জেলা আওয়ামী লীগের এই সভাপতি।
এ সময় সেখানে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।
এ ঘটনার প্রতিবাদ করেছে বাংলাদেশ গার্ড কাউন্সিল।
ঈশ্বরদী রেল পুলিশ জানায়, সাংসদ ডিলু মঙ্গলবার রাতে ঢাকা যাওয়ার জন্য তার এক সহকর্মীকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে পাঠান। তিনি ডিলাক্স রুমের টিকিট না পেয়ে সাধারণ টিকিট কাটেন।
ডিলু গভীর রাতে স্টেশনে এসে ডিলাক্স রুমে সিট না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তিনি স্টেশন মাস্টার আব্দুর রশিদ (৫৬) ও সুন্দরবন এক্সপ্রেসের প্রহরী আমির আফজাল আলীকে (৫০) মারধর করেন।
ঈশ্বরদী জিআরপি থানার ওসি শ্যামল চন্দ্র পাল সাংবাদিকদের বলেন, "এমপি সাহেব ডিলাক্স রুমের টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে স্টেশন মাস্টারকে গালিগালাজ করেন এবং ধাক্কা মারেন। পরে ডিলাক্স রুমে সিটের ব্যবস্থা করা হলে তিনি শান্ত হন।"
বিষয়টি বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও তিনি জানান।
বাংলাদেশ গার্ড কাউন্সিলের সভাপতি মো. আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, জনপ্রতিনিধিদের কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশা করা যায় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৬৩০ ঘ.
bdnews24