২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি নির্বাচনী কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরু

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনে ১৫ হাজার ৫৭৫ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে জেলা নির্বাচন কমিশন কার্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 03:18 PM

Updated : 24 Aug 2022, 09:28 PM

চট্টগ্রাম, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনে ১৫ হাজার ৫৭৫ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে জেলা নির্বাচন কমিশন কার্যালয়। ইতিমধ্যে নগরী ও জেলার প্রায় ২ হাজার সরকারি-বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে সম্ভাব্য কর্মকর্তাদের নামের তালিকা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এ ধরনের ২০ হাজার প্রতিষ্ঠান থেকে ২০ হাজার জনের নামের তালিকা করা হবে। এর মধ্যে থেকে ১৫ হাজার ৫৭৫ জনকে চূড়ান্ত করে প্রশিক্ষণ দিয়ে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য তৈরি করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা নগরী ও জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানকে ১২ মে চিঠি দেয়ার কাজ শেষ করেছি। এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নামের তালিকাও আসতে শুরু করেছে। তিনি বলেন, শনিবারের মধ্যে সব প্রতিষ্ঠান থেকে তালিকা পাওয়া যাবে বলে আশা করছি। পরবর্তীতে এর মধ্য থেকে ১৫ হাজার ৫৭৫ জনকে চূড়ান্ত বাছাই করে ৭ জুন থেকে প্রশিক্ষণ দেয়া হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ চলছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নগরীর ৪১ টি ওয়ার্ডের ৬৭৪টি কেন্দ্রের ৪ হাজার ৭৪৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর বাইরে আরও ১০টি অস্থায়ী রিজার্ভ ভোটকেন্দ্র রাখা হয়েছে। এতে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা হিসেবে ১৫ হাজার ৫৭৫ জন নির্বাচনী দায়িত্ব পালন করবেন। নির্বাচনী বিধি অনুসারে প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং কর্মকর্তা, প্রতিটি বুথে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও দুজন করে পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এদিকে শুক্রবার ছুটির দিনে নিার্বচন কমিশন কার্যালয় থেকে কাউকে মনোনয়নপত্র বিতরণ করা হয়নি। তবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা নগরীর বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার জানান, গত সিটি কর্পোরেশন নির্বাচন ও সংসদ নির্বাচনের অধিকাংশ কেন্দ্রই বহাল থাকবে। তবে কোন কেন্দ্র পরিবর্তনের প্রয়োজন হলে তা রিজার্ভ ভোট কেন্দ্র থেকে নির্ধারণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/২১১৬ ঘ.