ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।
শুক্রবার ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় বিমানবন্দরে নামেন তিনি।
গত ৯ এপ্রিল ফুসফুসের চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যান মান্নান ভূঁইয়া।
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ টো হ্যাং চেং ও সার্জন টি অ্যাগেস্টাইনের তত্ত্বাবধানে গত জানুয়ারি মাস থেকে তার চিকিৎসা চলছে।
মান্নান ভূঁইয়ার সহকারী নুরুল আমিন রিকাবদার (জাহান) শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর সাড়ে ৬টায় স্যার ঢাকা পৌঁছেছেন। তিনি সুস্থ আছেন।"
চারদলীয় জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী মান্নান ভূঁইয়া টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে তাকে দল থেকে বহিষ্কার করেন। এরপর ২০০৮ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এজে/১১২৮ ঘ.
bdnews24