ভোলা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনে উপনির্বাচনে ৫৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ৪৫ হাজার ভোটে এগিয়ে আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা।
ওই নির্বাচনী এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, লালমোহন উপজেলার ৩৯টি কেন্দ্রে শাওন পেয়েছেন ৫৩ হাজার ৫৯৪ ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ পেয়েছেন ১৮ হাজার ৬০৩ ভোট।
লালমোহনের নয়টি কেন্দ্রে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়। সে সব কেন্দ্রে ভোট সংখ্যা ৩১ হাজারের কিছু বেশি।
অন্যদিকে তজুমদ্দিন উপজেলার ৩০টি কেন্দ্রের ১৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে শাওন পেয়েছেন ১৫ হাজার ৯৭৯ ভোট। হাফিজ পেয়েছেন ১০ হাজার ৯০৯ ভোট।
ওই আসনের মোট ভোট কেন্দ্র ৮৬টি। এর মধ্যে ৫৬টি লালমোহন উপজেলায়, বাকিগুলো তজুমদ্দিনে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৯২৬। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৪ হাজার ৮৮০ এবং নারী ১ লাখ ২০ হাজার ৪৬ জন।
২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে হাফিজউদ্দিন ৮৩ হাজার ১২৭ ভোট পেয়ে পরাজিত হন। বিজয়ী আওয়ামী লীগের মো. জসিমউদ্দিন পান ৯৬ হাজার ৪৮৪ ভোট।
জসিমউদ্দিনের প্রার্থিতা বাতিল হওয়ায় সেখানে উপনির্বাচন হলো। প্রার্থী পরিবর্তন করে আওয়ামী লীগ এবার মনোনয়ন দেয় যুবলীগ নেতা শাওনকে।
বড় ধরনের গোলযোগ ছাড়াই ভোলার উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। তবে অনিয়মের অভিযোগে লালমোহনের নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। একটি কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয় ছয়জন।
বিএনপি ইতিমধ্যে ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে। তারা বলছে, সেখানে ব্যাপক অনিয়ম হয়েছে।
অন্যদিকে নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে ফলাফল মেনে নেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমআই/১৯০০ ঘ.
bdnews24