২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন বাতিলের দাবি অবাস্তব: তোফায়েল

বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের ভোলা নির্বাচন বাতিলের দাবি অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তোফায়েল আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 12:07 PM

Updated : 24 Aug 2022, 08:47 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের ভোলা নির্বাচন বাতিলের দাবি অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তোফায়েল আহমেদ। শনিবার ভোটগ্রহণ শেষে লালমোহনের শাহবাজপুর কলেজ মাঠে সাংবাদিকদের তোফায়েল বলেন, "নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। বিএনপি এ নির্বাচন বানচাল করতে চেয়েছিলো। তবে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রাকারী বাহিনী তৎপর থাকায় তারা সফল হয়নি।" ভোলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরীর শাওনের নির্বাচনী প্রচারের প্রধান সমন্বয়কারী তোফায়েল দাবি করেন, হাফিজ পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন। "এখন হয়তো তারা ঢাকা থেকে কর্মসূচি দেবেন," মন্তব্য করে তোফায়েল বলেন, "তারা এটাই চেয়েছিলেন। যা আমরা আগেই বলেছি।" বিভিন্ন কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট না থাকার বিষয়টিও বিএনপির পরিকল্পনার অংশ বলে দাবি করেন তোফায়েল। তিনি বলেন, "তারা বহিরাগতদের এজেন্ট করেছে। কিন্তু বহিরাগতরা তো নির্বাচনের কাজে অংশ নিতে পারে না। তাই তাদের দেখা যায়নি। আর এটাকেই তারা ইস্যু করতে চাইছে।" ভোট কেন্দ্রে যেতে কাউকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাধা দেয়নি বলে দাবি করেন তিনি। তোফায়েলের সঙ্গে ছিলেন শাওন। তোফায়েল বলেন, "ফলাফল যাই হোক না কেন তারা মেনে নেবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/১৮০৪ ঘ.