ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক মানহানি মামলায় ঢাকার এক আদালত থেকে জামিন নিয়েছেন।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন নেন। জামিনের আদেশ দেন মহানগর হাকিম একেএম এমদাদুল হক।
'প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ভিওআইপি ব্যবসায় জড়িত'- জয়নুলের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় গত ২৩ মার্চ অ্যাডভোকেট মশিউর মালেক তার বিরুদ্ধে মানহানি মামলা করেন।
মামলার পরদিন জয়নুল হাইকোর্টে জামিন চাইলে বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া ও বিচারপতি মো. আব্দুর রাজ্জাকের বেঞ্চ তাকে আট সপ্তাহের মধ্যে মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
মামলায় বলা হয়, জয়নুল গত ১১ মার্চ জাতীয় সংসদে এবং ১২ মার্চ তার গুলশানের বাসায় সাংবাদিক সম্মেলনে 'প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত' বলে মন্তব্য করেন। এ বিষয়ে বিএনপির কাছে তথ্য রয়েছে বলেও জানান তিনি।
ওই বক্তব্যে তার নিজেরও মানহানি হয়েছে বলে দাবি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক।
মশিউরের মামলা দায়েরের দিনই জয়নুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১৩৯ ঘ.
bdnews24