ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় খালেদা জিয়ার জনসভাগামী বাস দুর্ঘটনায় নিহত ১১ জনের স্মরণে সোমবার শোক কর্মসূচি পালন করেছে বিএনপি।
কেন্দ্রীয়ভাবে দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিহতদের স্মরণে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে কোরআন তেলাওয়াত করা হয়।
রোববার খুলনায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যাওয়ার পথে এক দুর্ঘটনায় নড়াইল বিএনপির ১১ নেতাকর্মী নিহত হন।
নিহতদের স্মরণে সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ অঙ্গসংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। কালো ব্যাজ পরেন নেতকর্মীরা।
জানাযায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালমা আজাদ, উলামা দলের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক নেসারুল হক, কেন্দ্রীয় নেতা নূরুল কবির শাহিন, বেলাল মাহমুদ, রফিক শিকদার প্রমুখ অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এজে/১৭৩৩ ঘ.
bdnews24