ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ পরিচালনায় 'ব্যর্থতার' দায় স্বীকার করে সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিহত মেধাবী ছাত্র আবু বকর সিদ্দিকের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
খালেদা বলেন, ''দেশ আর চলছে না, সব প্রতিষ্ঠান অচল হয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার দেশকে ২০ বছর পিছিয়ে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও পিছিয়ে যাবে। তাই দেশের স্বার্থে তাদের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।''
তিনি আবু বকরের মা রাবেয়া বেগমের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন। এ সময় আবু বকরের বাবা মোহাম্মদ রুস্তম আলী ও বড় ভাই আব্বাস আলীও উপস্থিত ছিলেন।
গত ৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আবু বকর ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় নিহত হন।
আবু বকরের আত্মার মাগফেরাত কামনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, ''আজ কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি দলের ছাত্র সংগঠনের সন্ত্রাস চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দলীয় প্রশাসনের মতো কাজ করছে।''
তিনি দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, একদিকে দ্রব্যমূল্য বাড়ছে, অন্যদিকে সন্ত্রাস চলছে। গ্যাস-বিদ্যুৎ-পানি নেই। দেশে বিনিয়োগ নেই্, কর্মসংস্থান নেই। দেশের অর্থনীতি ভঙ্গুর। এ অবস্থা চলতে থাকলে দেশ আরও পিছিয়ে যাবে।
খালেদা জিয়া একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুচারুরূপে দায়িত্ব পালন করেনি বলে অভিযোগ করেন। তিনি বলেন,''আমাদেরকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ সেদিন আমরা সেখানে যথাসময়ে উপস্থিত হলেও তাদের দেখা যায়নি। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাবগম্ভীর পরিবেশের পরিবর্তে আমাদের এক বিশৃঙ্খলার মধ্যে শ্রদ্ধা জানাতে হয়েছে।''
ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বিরোধী দলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটা দুঃখজনক যে, সরকারের পক্ষ থেকে কেউই আবু বকরের পরিবারের পাশে এসে দাঁড়ায়নি।
এসময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আহমেদ আজম খান, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাসনাত, অধ্যাপক আমিনুর রহমান, অধ্যাপক আশরাফুল ইসলাম, টাঙ্গাইল জেলা বিএনপির নেতা স্বপন ফকির, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৪৫ ঘ.
bdnews24