ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম জিকু আর নেই।
রোববার ভোরে রাজধানীর শমরিতা হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিলো ৭২ বছর।
জাসদের সাবেক সভাপতি আসম আবদুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টা ৫৫ মিনিটে নূরে আলম জিকু মারা যান। তিনি হৃদরোগ ও ডায়াবেটিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুর সময় সাবেক সংসদ সদস্য জিকু ছিলেন জাসদের একাংশের প্রধান উপদেষ্টা। এক সময় দলের সভাপতিও ছিলেন তিনি।
রব জানান, জোহর নামাজের পর পুরান ঢাকায় আহসান মঞ্জিলে জিকুর প্রথম জানাজা হবে। তাকে দাফন করা হবে সোমবার।
প্রথম জানাজা শেষে তার কফিন বারডেমের হিমঘরে রাখা হয়েছে।
বিভিন্ন দল ও মানুষের শ্রদ্ধা জানানোর জন্য সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জিকুর মরদেহ গুলিস্তানে জাসদ কার্যালয়ে রাখা হবে বলে জানান রব।
তিনি বলেন, এরপর বায়তুল মোকাররম মসজিদে এবং সংসদ ভবনে তার দুটি জানাজা হবে।
জিকুর মৃত্যুর খবর পেয়ে জাসদের নেতা-কর্মীরা সকালে পুরান ঢাকায় তার বাড়ি 'বুড়িগঙ্গা ভবনে' জড়ো হয়।
জিকু দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
তার মৃত্যুতে স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক বিরোধী দলীয় নেতা আ স ম আবদুর রব, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান প্রমূখ পৃথক পৃথক শোকবানীতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩০০ ঘ.
bdnews24