২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি: ২৩ শিবিরকর্মীকে রিমান্ডে নেওয়ার আবেদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেস থেকে গ্রেপ্তারকৃত শিবিরের ২৩ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 04:25 PM

Updated : 24 Aug 2022, 06:47 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেস থেকে গ্রেপ্তারকৃত শিবিরের ২৩ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। নগরীর জামাল খানে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর অনুমতি (শ্যোন অ্যারেস্ট) চেয়ে এ আবেদন জানায় মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন মাহমুদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা নিশ্চিত করে বলেন, "আদালত গ্রেপ্তার দেখানোর (শ্যোন এরস্ট) অনুমতি দিয়ে সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।" শনিবার ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন পদ্মা, সুরমা, উত্তরা, অনামিকা, জি আর রহমান ও খতিব মঞ্জিল কটেজ থেকে এসব শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়। এসময় এসব কটেজ থেকে বিপুল লাঠিসোটা, রড ও পাথরসহ শিবিরের গোপনীয় কিছু কাগজ ও বইপত্র উদ্ধার করা হয়। এদিকে, রোববার গ্রেপ্তারকৃতদের জামিনের আবেদন জানানো হলে চট্টগ্রাম জেলার বিচার বিভাগীয় হাকিম কেশব চন্দ্র রায় তা না মঞ্জুর করেন। গত শুক্রবার দুপুরে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিহত চবি শিক্ষার্থী মহিউদ্দিনকে নিজেদের কর্মী দাবি করে মিছিল বের করলে নগরীর জামাল খান মোড়ে পুলিশ তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত ও ছাত্র শিবিরের ৮৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পরে পুলিশ বাদী হয়ে আড়াই হাজার জামায়াত ও শিবিরকর্মীকে আসামি করে কোতোয়ালি থানায় এ মামলা করে। এদিকে ছাত্রলীগ কর্মী মহিউদ্দিন হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী মোহাইমেনুল ইসলামকে সন্ধ্যায় নগরীর ফিরিঙ্গবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাইমেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। চট্টগ্রামের পুলিশ কমিশনার মনিরুজ্জামান বলেন, মোহাইমেনের বড়ভাই মোমিনুল ইসলামকে সকালে নগরীর বাকলিয়ার চিশতিয়া মঞ্জিল থেকে আটক করা হয়। তার কাছে পাওয়া তথ্য থেকে মোহাইমেনের অবস্থান জানা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/জিএনএ/২২২২ ঘ.