কিশোরগঞ্জ, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, আগামী বুধ অথবা বৃহস্পতিবার বিরোধীদল সংসদে আসবে বলে তিনি আশা করছেন।
স্পিকার বলেন, "বিরোধীদলের জন্য আমাদের অনেক প্রতীক্ষা। তারা সংসদে এলে সাদর সম্ভাষণ জানানোর অপেক্ষায় আছি।"
সোমবার রাতে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের এক নৈশভোজে স্পিকার এ কথা বলেন।
তিনি বলেন, "বিরোধীদলের সংসদে যোগদান দেশের রাজনীতিতে একটি ইতিবাচক দিক। এর ফলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।"
স্পিকার আরো বলেন, "সংবাদমাধ্যম দেশকে পিছিয়ে নয়, এগিয়ে নিয়ে যাবে। তাই সংবাদ এমনভাবে পরিবেশন করা উচিত যাতে বস্তুনিষ্ঠতা বজায় থাকে। কার পক্ষে বা বিপক্ষে গেল সেটা বড় কথা নয়।"
তিনি অতিভোজনের ব্যাপারে রসিকতা করে বলেন, "ভারতের গরু বাংলাদেশে আসে, আর আমাদের দেশের মানুষ ইচ্ছেমতো খায়। খেয়ে বিভিন্ন অসুখ বাঁধিয়ে বাইপাসসহ অন্যান্য রোগের চিকিৎসা করতে আবার ভারতেই দৌড়ে যায়।"
স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "দেশজুড়ে সুষম উন্নয়নের ধারাবাহিকতায় কিশোরগঞ্জেও উন্নয়ন হবে।"
নৈশভোজে জেলা জজসহ অন্যান্য বিচারক, জেলা প্রশাসক ও উর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী ও পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২২ ঘ.
bdnews24