কুমিল্লা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই নেতাকে আমন্ত্রণ না জানানোর জেরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সংঘর্ষ ও ভাংচুরের মধ্য দিয়ে পণ্ড হয়ে গেছে।
এ সময় লাঞ্ছিত হয়েছেন বেশ কয়েকজন নেতা। আহত হন অন্তত ১৫ নেতা-কর্মী। গুরুতর আহত আবদুস সালাম ভূঁইয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলা সদরের উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই সভায় ফখরুল ইসলাম মুন্সী ও জয়নাল আবেদীনের গ্র"পের মধ্যে এ সংঘর্ষ হয়।
সভায় উপস্থিত নেতা-কর্মীরা জানান, বিকাল ৪টায় দলের উপজেলা সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে বর্ধিত সভা শুরু হয়। এতে স্থানীয় সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা, কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সাবেক সদস্য এফএম ফখরুল ইসলাম মুন্সী, শিল্পপতি রোশন আলী মাষ্টার, উপজেলা চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফখরুল মুন্সী, ভাইস চেয়ারম্যান একেএম শফিকুল আলম কামালসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল মান্নান তার বক্তব্যে সভায় ফখরুল ইসলাম মুন্সী ও রোশন আলী মাষ্টারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আমন্ত্রণ না জানানোর কারণ জানতে চান উপস্থিত সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা এবং সভাপতির জয়নাল আবেদীনের কাছে।
তার এ বক্তব্যে সভায় উভয় গ্র"পের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতি শুরু হয়।
পুলিশ প্রহরায় গোলাম মোস্তফা সভাস্থল ত্যাগ করলেও বেশ কয়েকজন নেতা লাঞ্ছিত হন। অনেকের জামা কাপড় ছিঁড়ে যায়।
এ ব্যাপারে ফখরুল ইসলাম মুন্সী বলেন, "গত উপজেলা পরিষদ নির্বাচনে আমার ছেলে রাজী মোহাম্মদ চেয়ারম্যান পদে জয়লাভ করার পর থেকেই হাজী জয়নুল গ্র"প দলের কোনো সভায় আমাকে এবং উপজেলা চেয়ারম্যানকে আমন্ত্রণ জানাননি। দলের বর্ধিত সভায় নেতা-কর্মীরা এর প্রতিবাদ করলে সংঘর্ষ বাধে।"
জয়নাল আবেদীন বলেন, "ভুলবশত ফখরুল ইসলাম মুন্সীকে আমন্ত্রণ জানানো হয়নি। তার সঙ্গে দলের কিংবা আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই।"
পরিকল্পিতভাবে মুন্সী গ্র"প সভায় অরাজকতা সৃষ্টি করেছে বলে তিনি দাবি করেন।
এদিকে সংঘর্ষের পর পরই জয়নাল গ্র"প উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.
bdnews24