পাবনা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় পাবনার সুজানগর পৌরসভার মেয়র পদপ্রার্থী যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন তোফাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে পাবনার আমলি আদালত-২ এর বিচারক লায়লা শারমীন এ আদেশ দেন।
উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা এর আগে একটি হত্যা মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সুজানগর উপজেলা যুবলীগ নেতা আবু বক্কার ছিদ্দিককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব ও যুবলীগ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফাসহ ১৭ জনকে আসামি করে থানায় মামলা করা হয়।
পুলিশ ওহাবকে বাদ দিয়ে অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
কারাগারে যাওয়ার আগে তোফাজ্জল হোসেন তোফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ষড়যন্ত্রমূলক তাকে এ হত্যা মামলায় জড়ানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩১ ঘ.
bdnews24