চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামি ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে তাকে চট্টগ্রাম জেলা সিনিয়র বিচারিক হাকিম ফরিদা ইয়াসমিনের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয়।
বিচারক রিমান্ড শুনানির দিন আগামী রোববার ধার্য্য করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা কোর্ট সাব-ইন্সপেক্টর কলিম উল্লাহ।
এর আগে রাউজান থানায় পাঁচ হরকাতুল জিহাদ সদস্যের বিরুদ্ধে সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বৃহস্পতিবার সকালে মুফতি ইজহারকে গ্রেপ্তার দেখানো হয়।
বুধবার বিকালে নগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসা থেকে ইজহারুলকে আটক করে র্যাব। বুধবার সকালে ইজহারুল ওই মাদ্রাসায় এক সংবাদ সম্মেলন করে গ্রেপ্তার হওয়া পাঁচ হুজি সদস্যকে নির্দোষ দাবি করেন তিনি।
উল্লেখ্য, গত সোমবার ভোর রাতে রাউজান উপজেলার গহীন অরণ্য থেকে পাঁচ হুজি সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ওইদিনই রাউজান থানায় সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে পুলিশ।
বুধবার বিকালে আটক করলেও বৃহস্পতিবার সকালে মুফতি ইজহারকে রাউজান থানায় সোপর্দ করে র্যাব।
এ বিষয়ে র্যাব চট্টগ্রাম অঞ্চলের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হুজির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ইজহারকে আটক করেছিলাম। তাকে রাউজান থানায় সোপর্দ করেছি।"
সংশ্লিষ্টতা থাকায় হুজি সদস্যদের বিরুদ্ধে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে তিনি জানান।
রাউজান থানার ওসি (তদন্ত) এম এ লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে সোমবার করা দুই মামলায় মুফতি ইজহারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি জানান, বিকালে ইজহারকে চট্টগ্রাম বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত রোববার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কেএমএস/২০১৯ ঘ.