ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারের পর সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী ফরহাত কাদের চৌধুরী।
তার আশঙ্কা, সালাউদ্দিন কাদেরকে রিমান্ডে নিয়ে আবার নির্যাতন করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একদিন আগেই যুদ্ধাপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তারের জন্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আবেদন জানানো হয়।
গ্রেপ্তারের পর সংসদ সদস্য সালাউদ্দিনকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান কার্যালয়ে নেওয়া হয়। তার আগে তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।
সকাল সাড়ে ১০টায় ডিবি কার্যালয়ের সামনে ফরহাত কাদের সাংবাদিকদের বলেন, "বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা আমাকে জানিয়েছেন, তার (সালাউদ্দিন) মুখের ডান দিক ফুলে গেছে। বাম বুকের কাছে জামায় রক্ত ছিলো। বুকে তার প্রচণ্ড ব্যথা। এভাবে নির্যাতন করা হয়েছে আমার স্বামীকে।"
স্বামীর চিকিৎসায় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, "পুলিশি হেফাজতে এভাবে নির্যাতন করা হয়েছে। একজন সংসদ সদস্য ও রাজনীতিবিদের প্রতি এটা অবমাননাকর। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।"
ডিবি কার্যালয়ের সামনে ফরহাত কাদের সঙ্গে সালাউদ্দিন কাদেরের ছেলেসহ অন্য স্বজন এবং বিএনপি নেতা-কর্মীরা রয়েছেন।
ফরহাত অভিযোগ করেন, স্বামীর সঙ্গে তিনি কিংবা আইনজীবীদের দেখা করতে দেওয়া হচ্ছে না।
বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, "পুলিশি হেফাজতে বর্ষীয়ান সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে নির্যাতন ও মারধর করা হয়েছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।"
তিনি জানান, সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে দুপুর দেড়টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
সালাউদ্দিন কাদেরের আইনজীবী মাহবুবউদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া ও ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ৯টায় তারা সালাউদ্দিনের সঙ্গে দেখা করতে চান। কিন্তু দেখা করতে দেওয়া হয়নি।
মাহবুবউদ্দিন বলেন, "কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাও পুলিশ জানাচ্ছে না। তার বিরুদ্ধে কোনো মামলায়ই গ্রেপ্তারি পরোয়ানা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২০০ ঘ.
bdnews24