২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদলের কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ

কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের দাবিতে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভের পর খালেদা জিয়ার কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী যুবদলের একদল নেতা-কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 09:23 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের দাবিতে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভের পর খালেদা জিয়ার কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী যুবদলের একদল নেতা-কর্মী। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ চলে। পরে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভীর মাধ্যমে দলের চেয়ারপারসন খালেদার কাছে স্মারকলিপি দেন সহযোগী সংগঠনটির নেতারা। নতুন কমিটিতে পদ না পাওয়া এসব নেতা-কর্মীরা বিক্ষোভের সময় 'অবৈধ কমিটি মানি না মানব না', 'যোগ্য ও পরীক্ষিত নেতাদের নিয়ে কমিটি চাই'- ইত্যাদি স্লোগান দেয়। বিক্ষোভে অংশ নেওয়া আলী আকবর চুন্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা পরীক্ষিত, যোগ্য, সৎ ও শিক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করে কমিটি চাই। এজন্য বিএনপি চেয়ারপারসনের কাছে স্মারকলিপি দিয়েছি।" স্মারকলিপি দেওয়ার সময়ে পুরনো কমিটির নেতাদের মধ্যে মনিরুজ্জামান মনির, মীর নেওয়াজ আলী নেওয়াজ, নূরুর রহমান জাহাঙ্গীর, কেএম জোবায়ের এজাজ, প্রকৌশলী শফিকুল ইসলাম, তরিকুল ইসলাম বনি, আবদুল আউয়াল খান, সাইফুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার কাছে দেওয়া স্মারকলিপির সঙ্গে নতুন কমিটিতে স্থান দেওয়ার জন্য পুরনো কমিটির শফিকুর রহমান শফিক, নিতাই চন্দ্র ঘোষ, ফিরোজ আফতাব, তোফাজ্জল হোসেন তপু, গিয়াস উদ্দিন চৌধুরী, আখতার হামিদ ডাবলু, এ কে নেসার উদ্দিন, নাসির উদ্দিন পাটোয়ারি, মজুমদার শাহাদাত হোসেন, মোসাদেক হোসেন বুলবুলসহ শতাধিক নেতার একটি নামের তালিকাও দেওয়া হয়। ২০০৯ সালের অক্টোবরে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে সভাপতি ও সাইফুল ইসলাম নিরবকে সাধারণ সম্পাদক করে যুবদলের ২১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিক্ষুব্ধদের অভিযোগ, কাজের মূল্যায়ন না করে নতুন কমিটিতে পুরনো ১২৪ জনকে বাদ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫১৫ ঘ.