চট্টগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপি জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে।
মঙ্গলবার দুপুরে মহানগর কমিটির সাধারণ সম্পাক ডা. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহম্মদের বরাবরে এ স্মারকলিপি দেন।
দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-পানি ও গ্যাস সংকটের সমাধান এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে ডা. শাহাদাৎ ছাড়াও সাবেক সাংসদ বেগম রোজী কবীর, মহানগর কমিটির সহ-সভাপতি আবু সুফিয়ান, বন্দর থানার সভাপতি এম আজিজ, পতেঙ্গা থানার সভাপতি মোহাম্মদ আজিজ ভোলা প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।
পরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/২২০৩ ঘ.
bdnews24