চাঁদপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃণমূল পর্যায়ের নেতাদের মতামত নিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে মহাজোটের প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
শনিবার বিকালে চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মীদের ভোটে প্রার্থী নির্বাচন করেছিল। এবারও সেভাবেই হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা ও অতিরিক্ত জেলা প্রশাসক মতিউল ইসলাম।
আগামী ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে দেশের বিভিন্ন স্থানে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে দীপু মনি সদর উপজেলার সাখুয়া এলাকায় নদীভাঙন প্রতিরোধ কাজের উদ্বোধনকালে বলেন, সদর ও হাইমচর উপজেলাকে মেঘনার ভাঙন থেকে রক্ষার জন্য একনেকে প্রায় ৩শ' কোটি টাকার প্রকল্প পাস শেষে কাজ শুরু হয়েছে।
মেঘনার ভাঙন থেকে চাঁদপুরকে রক্ষা করা তার নির্বাচনী প্রতিশ্র"তি ছিল বলে তিনি জানান।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের শিল্প-বাণিজ্যকে তরান্বিত করতে ভারত, নেপাল ও ভুটানকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ দেওয়া হবে। এতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে।
এর আগে তিনি শহরের আক্কাছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার এবং প্রফেসর পাড়ায় সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন।
সন্ধ্যায় দীপু মনি শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চলমান মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৪৪ ঘ.
bdnews24