২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের চক্রান্ত করছে সরকার'

ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, ইসলামী রাজনীতি বন্ধের নামে এদেশে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়ার নানা ষড়যন্ত্র চলছে। ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার চক্রান্ত করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 12:33 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, ইসলামী রাজনীতি বন্ধের নামে এদেশে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়ার নানা ষড়যন্ত্র চলছে। ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার চক্রান্ত করছে সরকার। শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মো. ফয়জুল করীম। তিনি বলেন, "গত ২৭ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইমাম প্রশিক্ষণ সম্মেলনে ইমামদেরকে আমেরিকান সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দিতে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়েছে।" এজন্য ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে দায়ী করে তিনি বলেন, "এ ধরণের ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনভাবেই মেনে নেওয়া যায় না। প্রশিক্ষণরত ইমামদের সামনে বিদেশী নারী-পুরুষের অশ্লীল নৃত্য কেবল ধর্মীয় মূল্যবোধকেই পদদলিত করেনি, মুসলিম বিশ্বে আমাদেরকে কলঙ্কিতও করেছে।" তিনি এ কারণে মহাপরিচালককে অপসারণের জন্য জোর দাবি জানান। তিনি বলেন, "বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে দেশবাসীর কাছে অঙ্গীকার করেছিল যে, তারা ক্ষমতায় গেলে কুরআন-সুন্নাহ বিরোধী তথা ইসলামবিরোধী কোন আইন করবে না। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাস্তবতা হলো সম্পূর্ণ বিপরীত।" সরকারের সমালোচনা করে তিনি বলেন, "সংবিধান সংশোধনের নামে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার চক্রান্ত করছে সরকার। দেশের জনগণকে সঙ্গে নিয়ে এ চক্রান্ত রুখে দেওয়া হবে।" শিক্ষানীতি সম্পর্কে তিনি বলেন, "জাতীয় শিক্ষানীতি থেকে ইসলামবিরোধী ধারা বাদ দিয়ে ধর্মীয় অথবা নৈতিকতা শিক্ষা বাধ্যতামূলক করার জোর দাবি জানাচ্ছি।" ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে প্রণীত শিক্ষানীতি কার স্বার্থে- এ প্রশ্ন তুলে তিনি বলেন, "নব্বই ভাগ মুসলমানের দেশে শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা উপেক্ষিত। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা-চেতনা পরিপন্থী শিক্ষানীতি প্রণয়ন করে সরকার কাদেরকে খুশি করতে চাচ্ছে?" বিদ্যুৎ, পানি, গ্যাস সঙ্কটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, "দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।" সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ, যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, দফতর সম্পাদক ইসমতিয়াজ আলম, তথ্য ও গবেষণা সম্পাদক মুনিরুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৮২৫ ঘ.