মাগুরা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পূর্ব বিরোধের জের ধরে মাগুরার শালিখা উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি গ্র"পের হামলায় মারা গেছেন আরেক গ্র"পের এক কর্মী।
মঙ্গলবার সকালে উপজেলার বলাই নাঘোষা গ্রামে এই হামলার ঘটনায় দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে আরো অন্তত ৩০ জন। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করেছে।
নিহতের নাম- ইকতার হোসেন মোল্লা (৪৫)।
আকবর মুন্সী, গাউসুল আজম, আহম্মদ আলী বিশ্বাসসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা সাংবাদিকদের জানান, আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ কর্মী বলাই নাঘোষা গ্রামের সবুর মুসল্লি ও জাফর মোল্লা সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
কিছুদিন আগে দুপক্ষের সংঘর্ষে সবুর মুসল্লি গ্র"পের একিন মুসল্লি (৩৮) নামে এক যুবক জখম হয়।
এ ঘটনার জের ধরে সোমবার সবুর মুসল্লির লোকজন ধারালো অস্ত্র লাঠিসোঠা নিয়ে প্রতিপক্ষ জাফর মোল্লার সমর্থক পাশের গ্রাম শাবলাটের সরোয়ারের ওপর হামলার চেষ্টা করে। কিন্তু সরোয়ারের লোকজন আগে থেকেই বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে।
এ ঘটনায় মঙ্গলবার ১০টার দিকে বলাই নাঘোষা গ্রামের জাফরের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ গ্র"পের লোকজন।
তাদের ধারালো অস্ত্রের আঘাতে জাফরের ছোটভাই ইকতার ঘটনাস্থলেই নিহত হন।
দুপক্ষের সংঘর্ষ অন্তত ৩০ জন আহত হয়।
এদের মধ্যে জাফর গ্র"পের লতিফ (৪৫), আকবর (৬০), হাফিজুর (৪৫), সিদ্দিক (৪৫), আকরাম (৩০), রেজাউল (৪৫), মিল্টন (২৫), গাউসুল (২৬), লিটন (২৫) এবং সবুর গ্র"পের নূর আলী (৬০), নূর ইসলাম (৪৫), কালাম (৩২), বিল্লাল (৩৪), লিটন মুসল্লিকে (৩০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া সাত্তার (৪০) নামে জাফরের এক সমর্থককে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
সবুর গ্র"পের বিল্লাল হোসেন দাবি করেন, সোমবার বিকালে তিনি স্থানীয় কালার হাটে গরু কিনতে গেলে পথে জাফরের সমর্থক তিলখড়ি গ্রামের সরোয়ার ও সাইফুলসহ কয়েকজন তাকে ধাওয়া করে। এর জের ধরেই আজ (মঙ্গলবার) নতুন করে দুপক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, গত উপজেলা পরিষদ নির্বাচনের সময় সুবর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শ্যামল কুমার দে'র সমর্থনে কাজ করেন। অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত কামাল হোসেনের পক্ষে কাজ করেন জাফর। ওই সময় থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।
ঘটনাস্থল থেকে শালিখা থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, সংঘর্ষের পরপরই হতাহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল ও হাসপাতাল থেকে ১১ জনকে আটক করা হয়েছে।
তিনি জানান, আবার যাতে সংঘর্ষের ঘটনা না ঘটে সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইকতারের ভাই জাফর মোল্লা সাংবাদিকদের বলেন, সবুরের সমর্থকরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা করে। এ সময় তারা ইকতারকে কুপিয়ে খুন করে।
তিনি অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে।
এ অভিযোগ অস্বীকার করে শালিখা থানার ওসি মীর ফসিয়ার রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭১২ ঘ.
bdnews24