২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লাঠিপেটা: চার জেলায় আহত ৫৬

হরতালের সমর্থনে গাজীপুর, শেরপুর, নওগাঁ ও বান্দরবানে সোমবার বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ৫৬ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 03:06 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সমর্থনে গাজীপুর, শেরপুর, নওগাঁ ও বান্দরবানে সোমবার বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ৫৬ জন আহত হয়েছে। এর মধ্যে রয়েছে গাজীপুরে ১০ জন, শেরপুরে ৬ জন, নওগাঁয় ২৫ জন এবং বান্দরবানে আহত ১৫ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ- গাজীপুর: দুপুরে জেলা শহর ও চান্দনা চৌরাস্তায় দু'টি মিছিলে পুলিশ লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হয়। শহরের শহীদ স্মৃতি স্কুল এলাকায় একটি মিছিল থেকে পৌর কাউন্সিলর হাসান আজমল ভুইয়াকে আটক করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করে। চান্দনা চৌরাস্তায় পুলিশের লাঠিপেটার পর মিছিলকারীরা ঢাকা-ময়মনসিংহ সড়কে কয়েকটি গাড়ি ভাংচুর করে। জেলা বিএনপির অফিস সমন্বয়কারী মাজহারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের লাঠিপেটায় তিনি নিজে এবং সদর উপজেলা সাধারণ সম্পাদক সুরুজ আহম্মেদসহ অন্তত ১০ জন আহত হন। জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ লাঠিপেটার কথা অস্বীকার করে বলেন, মিছিলকারীরা পুলিশ দেখেই রাজপথ ছেড়ে চলে গেছে। শেরপুর: বিকালে জেলা শহরের গোয়ালপট্টি এলাকায় বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এরা হলেন- শহর বিএনপি সভাপতি ফজলুর রহমান তারা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রুমী, বাজিতখিলা ইউনিয়নের সামছুদ্দিন, মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী নূরজাহান বেগম ও শহর মহিলা দলের সাধারণ সম্পাদিকা চায়না বেগম। জেলা বিএনপির সহসভাপতি মো. সাইফুল ইসলাম স্বপন বলেন, আহতদের শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। শেরপুর সদর থানার ওসি আক্রাম হোসেন বলেন, মিছিল কলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করায় লাঠিপেটা করা হয়। নওগাঁ: আত্রাই উপজেলায় বিএনপির মিছিল ও সমাবেশে পুলিশের লাঠিপেটা ও আওয়ামী লীগ সমর্থকদের হামলায় একজন সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন- দৈনিক আমার দেশের প্রতিনিধি শাহরুখ হোসেন, বিএনপির উপজেলা সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল হক পিন্টু, সহ-সভাপতি জাকারিয়া পিন্টু প্রমুখ। বেলা সাড়ে ১১টায় আত্রাই স্টেশনে বিএনপির সমাবেশ শুরু করলে পুলিশ মাইক খুলে সভা পণ্ড করে দেয়। এরপর মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সভা চলাকালে বেলা দেড়টার সময় লাঠিসোটা নিয়ে একদল আওয়ামী লীগকর্মী বিএনপি অফিসে হামলা ও নেতাকর্মীদের মারধর করে চলে যায়। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল এ অভিযোগ অস্বীকার করে বলেন, তারা হামলা করেননি। তবে পুলিশ লাঠিপেটা করেছে। আত্রাই থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, মিছিলকারীরা দোকানপাট বন্ধ, যানবাহনে হামলার চেষ্টাসহ বিশৃঙ্খলা সৃস্টির চেষ্টা করলে পুলিশ বাধ্য হয়ে লাঠিপেটা করে। বান্দরবান: লামা উপজেলায় বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় ১৫ নেতাকর্মী আহত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ জানিয়েছেন, সন্ধ্যায় লামা উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের লাঠিপেটায় ১৫ জন আহত হন। লামা থানার ওসি মোহাম্মদ হোসাইন বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় মিছিল ছত্রভঙ্গ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫২ ঘ.