ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাজমুল হুদাকে বহিষ্কারের পর ঢাকা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব নিয়ে আবদুল মান্নান শনিবার দলের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়েছেন।
সাবেক সংসদ সদস্য মান্নানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ কয়েকশ জন।
শেরেবাংলা নগরে জিয়ার কবরের সামনে মোনাজাতও করেন তারা।
ঢাকা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুল হুদাকে গত রোববার বহিষ্কার করা হয়। এরপর সাবেক বিমান প্রতিমন্ত্রী আবদুল মান্নানকে ঢাকার দায়িত্ব দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
হরতাল এবং খালেদার আইনজীবীদের সমালোচনার পর বহিষ্কৃত নাজমুল হুদা অবশ্য তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য খালেদার কাছে আবেদন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24