ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণ আওয়ামী লীগ নেতা ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা দেওয়ান ফরিদ গাজীর প্রথম নামাজে জানাজা বাদ জুমা বায়তুল মুকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
৮৫ বছর বয়সে শুক্রবার ভোর ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দেওয়ান ফরিদ গাজী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায়ও সদস্য ছিলেন।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফরিদ গাজীর বড় ছেলে গাজী মো. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে তার বাবার মরদেহ হেলিকপ্টারে সিলেটে নিয়ে যাওয়া হবে।
স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জন গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দেওয়ান ফরিদ গাজীর মৃত্যু হয়।
কিডনি ডায়ালাইসিস করার জন্য গত ১৫ অক্টোবর তাকে এই ভর্তি করা হয়েছিলো। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টেও ভুগছিলেন।
ফরিদ গাজীর জন্ম ১৯২৪ সালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে দেওয়ান হামিদ গাজীর ঘরে। শিক্ষাজীবনে তিনি সিলেট রসময় স্কুল থেকে ম্যাট্রিক ও মদন মোহন কলেজ থেকে বিএ পাশ করেন। এছাড়া সিলেট আলীয়া মাদ্রাসা ও সিলেট এমসি কলেজেও পড়াশোনা করেন তিনি।
ফরিদ গাজী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭০ সালে সিলেট সদর আসন থেকে জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হন। ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট সদর আসন থেকে এমপি নির্বাচিত হন। এরপর তিনি বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ফরিদ গাজী ১৯৯৬, ২০০১ এবং সর্বশেষ ২০০৮ সালের সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/পিসি/এজে/১৪১৭ ঘ.
bdnews24