ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘাত হয়েছে।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সুমন মাহমুদ জানান, রোববার সকাল সোয়া ১০টার দিকে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় বিএনপির নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করছিলো। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ তাদেরকে লাঠিপেটা করে। বিক্ষুব্ধ কর্মীরা তখন পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ সময় পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। তখন কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে অলিগলিতে অবস্থান নেয় বিএনপির অনেক কর্মী।
এ সময় বিএনপির কার্যালয়ের কাছে পুলিশের জলকামানের একটি গাড়ি আনা হয়। উত্তেজিত কর্মীরা জলকামানের গাড়ি লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তারপর বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতা সেখানে এসে কর্মীদের শান্ত হতে বলেন।
এরপর বেলা পৌনে ১১টার দিকে বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, স্থানী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা সেখানে মিছিল বের করে। মিছিলটি জলকামানের গাড়ির সামনে গেলে পুলিশ তাদের আটকে দেয়।
এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সামনের দিয়ে এগিয়ে যায় তারা। পরে দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ হয়। এ পর্যায়ে ঢাকার মেয়র ও বিএনপির সহ-সভাপতি সাদেক হোসেন খোকার নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয়ের সামনে পৌঁছায়। সেখানে থেমে থেকে মিছিল করছে বিএনপি নেতাকর্মীরা।
এর আগে জলকামানের গাড়িটি সরিয়ে নেয় পুলিশ।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন কেন্দ্রীয় কার্যালয়ে আছেন।
দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা এ হরতাল পালন করছে বিএনপি।
হরতালের সমর্থনে এর আগেও নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল বের করা হয়। মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ছাত্রদল নেতারাও অংশ নেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে প্রধান বিরোধী দলের দ্বিতীয় হরতাল এটি। প্রথমটি হয়েছিলো গত ২৭ জুন।
পুলিশ জানিয়েছে, হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েয়েছ। সচিবালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সমানে র্যাব সদস্যরা সর্তকাবস্থায় রয়েছে।
হরতালের কারণে রোববারের জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা ও জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষাটি আগামী ২২ নভেম্বর অনুুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি জানান, সকালে পিকেটাররা ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহসড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দিয়েছিলো। মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলছে না।
হরতালের শুরুতে রাজধানীর মিরপুর, শান্তিনগর ও ফকিরেরপুল মোড়ে গাড়িতে হামলা চালিয়েছে পিকেটাররা। ধানমণ্ডিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
মহাখালীতে সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা সরকারি তিতুমীর কলেজের সামনে পিকেটিং শুরু করে। পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ ও মৃদু লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়।
গুলশান এলাকার অতিরিক্ত পুলিশ কমিশনার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
হরতালের সকালে রাজধানীতে যন্ত্রচালিত যানবাহন কম চলাচল করতে দেখা গেছে। রাস্তায় প্রচুর রিকশা থাকলেও অনেককেই পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে।
রাজধানীতে অবস্থিত দূরপাল্লার বাসের বিভিন্ন কাউন্টারে প্রচুর সংখ্যক যাত্রীর ভিড় রয়েছে।
হরতালে রাজধানীর পুরানা পল্টন, কাকরাইল, গুলিস্তান, তোপখানা রোড, মালিবাগ, মৌচাক, রামপুরা সড়ক, মগবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, মতিঝিল, হাটখোলাসহ বিভিন্ন সড়কের পাশের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে রাজধানীর অধিকাংশ স্কুল।
হাইকোর্টের রায় অনুযায়ী ক্যান্টনমেন্ট বোর্ড সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি খালি করার উদ্যোগ নিলে শনিবার সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা তার প্রতিবাদ জানাতে থাকে। এর মাঝে বেলা ৩টার দিকে খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি ছাড়েন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদার অভিযোগ, তাকে জোর করে সেনানিবাসের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হওয়ার পর ওই বছরের ১২ জুন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার শহীদ মইনুল সড়কের ৬ নম্বর বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর ওই বাড়ির ইজারা বাতিল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসআইটি/কেটি/পিসি/এসএইচএ/এজে/কেএমএস/১০৫৬ ঘ.
bdnews24