ঢাকা, নভেম্বর ০৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়া, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর পালন করছে বিএনপি।
তারা দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে।
বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতা-কর্মীরা রোববার সকাল সাড়ে ১০টা ৫৫ মিনিটের দিকে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে ভোরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিকালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ করবে বিএনপি। এতে খালেদা জিয়া বক্তব্য রাখবেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল। নভেম্বরের প্রথম সপ্তাহে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭ নভেম্বর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আবির্ভূত হন বিদ্রোহে আটক তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান।
রাজনৈতিক দলগুলো ৭ নভেম্বরকে ভিন্ন ভিন্ন নামে ও চেতনায় পালন করে থাকে। আওয়ামী লীগ 'মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস' ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) 'সিপাহী-জনতার অভ্যুত্থান' দিবস হিসেবে দিনটি পালন করে।
বিএনপি ক্ষমতায় থাকাকালে দিনটিকে সরকারিভাবে পালন করা হতো। তখন ৭ নভেম্বর ছিলো সরকারি ছুটির দিন।
নানা রংয়ের ব্যানার-ফেস্টুন নিয়ে বিএনপি নেতা-কর্মীরা রোববার সকাল ১০টা থেকেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে জড়ো হতে থাকে।
খালেদা জিয়া শ্রদ্ধা জানানোর পর প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। পরে তিনি সেখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, আসম হান্নান শাহ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, শাহজাহান ওমর, উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাংসদ, কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "৭ নভেম্বর না হলে দেশ আধিপত্যবাদীর ঘাঁঁটি হতো। আওয়ামী লীগ আধিপত্যবাদীদের স্বার্থরক্ষায় কাজ করছে।"
দিনটি পালনের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, "১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদ ও স
bdnews24