ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমমনা ছয়টি দলের নেতাদের সঙ্গে শনিবার রাতে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টি'র ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) প্রধান গোলাম মোর্তজা এবং বাংলাদেশ ন্যাপ প্রধান শেখ আনোয়ারুল হক ও মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠকের পর শফিউল আলম প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।"
তিনি জানান, রোববার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে সমমনা দলগুলোর নেতা-কর্মীরাও অংশ নেবে।
বৈঠকে আরো ছিলেন, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এনপিপি মহাসচিব অ্যাডভোকেট ফরহাদউজ্জামান ফরহাদ, লেবার পার্টি সাধারণ সম্পাদক হামদুল্লাহ আল মেহেদী ও বাংলাদেশে ন্যাপ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৪১ ঘ.
bdnews24