ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাউন্সিল ঘিরে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কোন্দলের কারণে কুড়িগ্রামের চিলমারী এবং নীলফামারীর কিশোরগঞ্জে ১৪৪ ধারা জারি করে শুক্রবার সব ধরনের সভা নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কুড়িগ্রাম প্রতিনিধি জানান, সকাল ১০টায় স্থানীয় থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কাউন্সিল আহ্বান করে যুবদলের একটি অংশ। এতে সংগঠনের অন্য অংশের বিরোধিতা থাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
চিলমারী থানার উপপরিদর্শক (এসআই) মোক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, যুবদলের একটি অংশ এ কাউন্সিলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনকে তা জানিয়েছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা জারি করেন।
সকাল থেকে বিদ্যালয় সংলগ্ন এলাকায় পুলিশ মোতায়েন থাকায় যুবদল নেতাকর্মীরা সেখানে ভিড়তে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক সাংবাদিকদের বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় থানাহাট পাইলট উচ্চ বিদ্যালয় এবং এর আশপাশের এলাকায় শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে নিজেকে উপজেলা যুবদলের বৈধ আহ্বায়ক দাবি করে আব্দুল মতিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার অনুমোদন ছাড়াই এ কাউন্সিল ডাকা হয়েছিলো।
তবে অন্য অংশটি বলছে, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে মতিনকে ইতোমধ্যে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কাউন্সিল আহ্বানকারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদাকাৎ হোসেন সাজু সাংবাদিকদের বলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এখন নূর ইসলাম নুরু। তার নির্দেশেই কাউন্সিল আহ্বান করা হয়।
সাজুর কথায় সুর মিলিয়েছেন নুরুও। তিনি বলেন, অব্যাহতি দেওয়ার পরও মতিনের এ ধরনের কার্যক্রম দুঃখজনক।
নীলফামারী প্রতিনিধি জানান, শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মাঠে যুবদলের দুই অংশ কাউন্সিল আহ্বান করায় উপজেলা সদরে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে উপজেলা প্রশাসন সভাস্থলসহ তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করে।
মোখলেছার রহমান শাহ'র নেতৃত্বে একটি অংশ উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ডাকে। পরে একই স্থানে একই সময় বিএনপির কিশোরগঞ্জ উপজেলা সভাপতি রাজ্জাকুল ইসলাম রাজার সমর্থনপুষ্ট অন্য অংশ সমাবেশ আহ্বান করে।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন বলেন, জানিয়েছেন, দুই পক্ষ অনড় থাকায় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০০ ঘ.
bdnews24