২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ৩ দিনের কর্মসূচি ঘোষণা

সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে আগামী ২০ অক্টোবর সব বিভাগে প্রতিবাদ সমাবেশ করবে বিরোধী দল। জেলা পর্যায়ে সমাবেশ হবে তার চার দিন পর।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 10:18 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে আগামী ২০ অক্টোবর সব বিভাগে প্রতিবাদ সমাবেশ করবে বিরোধী দল। জেলা পর্যায়ে সমাবেশ হবে তার চার দিন পর। শনিবার বিকালে মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বিভাগ ও জেলার পর ২৭ তারিখে প্রতিটি উপজেলায়ও সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে। ঘোষিত এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে দেলোয়ার বলেন, "গণতান্ত্রিক লেবাসের এই নব্য স্বৈরাচার সরকার গণতন্ত্রের পথে ফিরে না আসা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। সরকারের জুলুম-নির্যাতন ও অপশাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ হিসেবে এসব কর্মসূচি দিচ্ছি। সরকার যে পথে এগুচ্ছে তাতে কর্মসূচি দেওয়া ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই।" সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনচাপায় হতাহত ও নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যাকাণ্ডের প্রতিবাদে গত সপ্তাহে বিএনপি কেন্দ্রীয়ভাবে তিন দফা কর্মসূচি দেয়। সর্বশেষ বৃহস্পতিবার দেশব্যাপী শোকসভার কর্মসূচি শেষে শনিবার ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। সরকার দেশ পরিচালনায় 'পুরোপুরি ব্যর্থ' হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, "সিরাজগঞ্জে জনসভাস্থলে ট্রেন তুলে দিয়ে সরকার 'পরিকল্পিতভাবে' মানুষ হত্যা করে এখন অন্যের ঘাড়ে দোষ চাপাতে চায়। বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা হয়রানিমূলক মামলা দিচ্ছে।" দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারি দলকে দায়ী করে দেলোয়ার বলেন, 'টেন্ডারবাজী ও দখলবাজীতে' দেশ ছেয়ে গেছে। এখন প্রতিদিন ১০ জন মানুষ খুন হচ্ছে। অথচ এর কোনো প্রতিকার নেই। তিনি আরো অভিযোগ করেন, জিয়া পরিবারের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার 'প্রতিহিংসামূলক' রাজনীতিতে লিপ্ত রয়েছে। বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করতে সরকার মারিয়া হয়ে উঠেছে। সরকার তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে দেশে এনে প্রহসনের বিচার করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিচার বিভাগসহ প্রশাসনের কথিত দলীয়করণের জন্যও দেলোয়ার সরকারকে দায়ী করেন। বিকাল সাড়ে তিনটায় মুক্তাঙ্গনে এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়। বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে দলের মহাসচিব সংক্ষিপ্ত বক্তব্য রেখে নতুন কর্মসূচি ঘোষণা করেন। পরে বিকাল পৌনে চারটায় মুক্তাঙ্গন থেকে বের হওয়া একটি বিশাল মিছিলের নেতৃত্ব দেন তিনি। মিছিলটি বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর মোড়, মৌচাক হয়ে মগবাজার মোড়ে গিয়ে বিকাল পাঁচটার দিকে শেষ হয়। মহানগর বিএনপি ছাড়াও যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেয়। তারা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগানও দেয়। এই মিছিলের কারণে তোপাখানা রোড়, কাকরাইল মোড়সহ আশপাশের বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, উপদেষ্টামণ্ডলীর সদস্য ফজলুর রহমান পটল, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়রর যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্থানীয় সরকার সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সাংসদ, কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা মিছিলে অংশ নেন। এ প্রতিবাদ-সমাবেশ উপলক্ষে মুক্তাঙ্গনসহ বিজয়নগর, কাকরাইল, শান্তিনগরের বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মুক্তাঙ্গনের কাছে পুলিশের দুই রায়ট কার, প্রিজন ভ্যান, জলকামানের গাড়িও প্রস্তুত ছিলো। সিরাজগঞ্জের সয়দাবাদে গত সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়। এরপর বিএনপি নেতা-কর্মীরা ট্রেনে আগুন ধরিয়ে দেয়। খালেদা জিয়ার দাবি, সরকার বিএনপি নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যেই সেদিন জনসভাস্থলে ট্রেন তুলে দেয়। অন্যদিকে সরকারের বিভিন্ন মন্ত্রী এবং আওয়ামী লীগ বলছে, অনুমতি না নিয়ে রেললাইনের পাশে রেলওয়ের ভূমিতে জনসভা করাই ওই দুর্ঘটনার কারণ। এজন্য বিএনপির 'দায়িত্বহীন' আচরণকে দায়ী করছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/এইচএ/১৮০০ ঘ.