ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসিসিসহ অন্য স্থানীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে সরকার কোনো সুপারিশ করেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
বুধবার বিকালে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমামের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান সিইসি এটিএম শামসুল হুদা।
ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) ও অন্য স্থানীয় নির্বাচনের সময়সূচি বিষয়ে বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী কোনো পরামর্শ দিয়েছেন কি না সিইসির কাছে জানতে চান সাংবাদিকরা। তিনি বলেন, "না। উনারা কোনো সুপারিশ করেননি। বরং ইসির পরিকল্পনার বিষয়টি উনাদের জানিয়েছি।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি শামসুল হুদা জানান, পৌরসভার নেতারা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচনে দ্বিমত জানাচ্ছেন। এ কারণে কোন্ নির্বাচন আগে হবে, কোন্ কবে করা যাবে তা পর্যালোচনা করে বলতে হবে বলে বলে জানান তিনি।
ইসির পরিকল্পনা ছিলো ডিসেম্বরে আড়াইশরও বেশি পৌরসভা ও ডিসিসি এবং মার্চের মধ্যে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচন করা।
এ বছর বা ডিসেম্বর নাগাদ কোনো নির্বাচন হবে কি না জানতে চাইলে শামসুল হুদা বলেন, "তা এখনই বলা যাচ্ছে না।"
ডিসেম্বরের শেষদিকে মনোনয়নপত্র গ্রহণের কথা ভাবলেও এ সময় হাজিদের দেশে ফেরার কথা জানিয়ে তিনি বলেন, "এরপর বিশ্ব এজতেমা রয়েছে। এখন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে।"
সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচন কমিশন কাজ করতে চায় বলে জানান সিইসি। তিনি বলেন, "পরীক্ষাসহ নানা বিষয় বিবেচনা রেখেই নির্বাচন সময়সূচি করা হবে।"
দেশের চার হাজার পাঁচশ চারটি ইউনিয়ন পরিষদের মধ্যে চার হাজার দুশ ২৮টির মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে অন্তত অর্ধশত ইউনিয়ন পরিষদ রয়েছে যেখানে নানা আইনি জটিলতায় দেড়যুগ ধরে নির্বাচন করা যায়নি।
সর্বশেষ ২০০৩ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে চার হাজারের বেশি ইউনিয়নে নির্বাচন হয়।
স
bdnews24