২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীকে অ্যাম্বুলেন্সে করে হাজির করার নির্দেশ

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পরবর্তী শুনানির দিন ২ নভেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 05:47 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পরবর্তী শুনানির দিন ২ নভেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। অসুস্থ থাকলেও তাকে এদিন অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সাইদীর অনুপস্থিতিতে শুনানিকালে ট্রাইবুনাল এ নির্দেশ দেয়। সুস্থ না হওয়ায় সাঈদীকে মঙ্গলবারও ট্রাইবুনালে হাজির করা হয়নি। বিচারক মো. নিজামুল হক, এটিএম ফজলে কবির ও একেএম জহির আহমেদ আসন গ্রহণের পর সকাল সাড়ে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। বেলা ১১টার দিকে মামলার পরবর্তী তারিখ ধার্য করার পর আদালত মুলতবি করা হয়। সাঈদী অসুস্থ থাকায় তাকে আদালতে উপস্থিত করা হয়নি বলে কারা কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছে। এজন্য তার উপস্থিতিতে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়। আদালতে ট্রাইবুনালের প্রসিকিউশন বিভাগের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, সদস্য সৈয়দ রেজাউর রহমান, সৈয়দ হায়দার আলী, জেয়াদ আল মালুম, আবদুর রহমান হাওলাদার ও আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। আদালতের শুরুতে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম দেলাওয়ার হোসাইন সাঈদীর নামের শেষে দেলু শব্দটি প্রত্যাহার করার আবেদন জানান। আদালত প্রধান বলেন, "যে কারো ডাক নাম থাকতেই পারে। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে।" আদালত মুলতবির পর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "দেলাওয়ার হোসাইন সাঈদীর নামের শেষে কখনোই দেলু ছিল না। অসৎ উদ্দেশ্য তার নামের শেষে দেলু সংযুক্ত করা হয়েছে।" আদালত শেষে ট্রাইবুনালের প্রসিকিউশন বিভাগের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু সাংবাদিকদের বলেন, "পরপর তিনদিন সাঈদীকে আদালতে হাজির করা হয়নি। কেন তাকে নিয়ে আসা হচ্ছে না তা নিয়ে বিচারক ও প্রসিকিউশন বিভাগের মনে প্রশ্ন উঠছে।" নাম প্রকাশ না করার শর্তে সোমবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইদীকে মঙ্গলবার আদালতে হাজির করা হচ্ছে না। তিনি বলেন, "আদালতে নেওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই।" ওই কর্মকর্তা জানান, নির্দেশ অনুযায়ী মঙ্গলবার দেলাওয়ার হোসাইন সাঈদীকে ট্রাইবুনালে হাজির করানোর কথা। কিন্তু শারীরিক অসুস্থার কারণে তা হচ্ছে না। বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে। নির্দেশ থাকা সত্ত্বেও হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত ২২ সেপ্টেম্বর ট্রাইবুনালে সাঈদীকে হাজির করানো সম্ভব হয়নি। ২১ সেপ্টেম্বর জামায়াতের নায়েবে আমীর সাঈদীকে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা হয়। তার গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রসিকিউশনের আবেদনের শুনানি তার উপস্থিতিতেই ২২ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। ওইদিন সকালে সাঈদীর অনুপস্থিতিতে শুনানি শেষে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১২ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করে ট্রাইবুনাল। এর আগে গত ১০ অগাস্ট সাঈদীকে হাজির করার নির্দেশ দেওয়া হলেও অসুস্থতার কারণে তাকে কারা কর্তৃপক্ষ হাজির করতে পারেনি। এরপর ২৪ অগাস্ট তার হাজিরার দিন ধার্য হলেও ট্রাইবুনালের সংস্কার কাজের জন্য তা সম্ভব হয়নি। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গত ৫ অগাস্ট আটক দেখানোর এক আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১১৪৫ ঘ.