২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেহাদকে স্মরণ

১৯৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জেহাদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 08:40 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জেহাদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়েছে বিএনপি। রোববার সকাল ১১টায় রাজধানীর দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্মৃতি স্তম্ভে ফুল দেওয়ার সময় '৯০ এর ছাত্রনেতারাও উপস্থিত হন। ১৯৯০ সালের ১০ অক্টোবর ছাত্রদল নেতা জেহাদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন আরো তীব্র হয়। জেহাদের লাশ ছুঁয়ে তৎকালীন ছাত্রনেতারা শপথ নেন স্বৈরাচার এরশাদকে হঠানোর। এই আন্দোলনের ধারাবাহিকতায় ডিসেম্বরে ক্ষমতা ছাড়েন এরশাদ। জেহাদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, "নব্বইয়ের স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছে জেহাদ। দেশের মানুষ আজো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য লড়াই করছে। এখনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি।" বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের নেতা-কর্মীরা সেখানে ছিলেন। '৯০ এর ছাত্রনেতাদের মধ্যে ছিলেন তৎকালীন ডাকসু ভিপি আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিমউদ্দিন আলম, খায়রুল কবীর খোকন। বিএনপির পর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ডাকসু '৯০ সহ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে জেহাদ স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া হয়। জেহাদ দিবস উপলক্ষে জেহাদ স্মৃতি পরিষদ এর উদ্যোগে বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে। এছাড়া সোমবার বিকালে সিরাজগঞ্জের সায়েদাবাদ বাস স্ট্যান্ডে এক ছাত্র জমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৪০ ঘ.