ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ভারত সফরে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে এসেছেন।
ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের একদিন পর রোববার বিকালে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শনিবার বলেছিলেন, "শেখ হাসিনা দেশ বেচে না। আমরা (আওয়ামী লীগ) এটা করি না, করতে পারি না। এদেশের জন্য আমার মা-বাবা প্রাণ দিয়েছে, ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। যারা বলে আমরা দেশে বিক্রি করে দিয়েছি, তারা কী উদ্দেশ্যে এটা বলে, তা সবাই জানে।"
ভারতের টিপাইমুখ প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। নয়া দিল্লির সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বিস্তারিত প্রকাশেরও দাবি করেছেন খালেদা।
প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি হয়। এগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি।
টিপাইমুখ নিয়ে জাতি উদ্বিগ্ন জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, ভারত সফরে প্রধানমন্ত্রী শুধু একটি আশ্বাস সম্বল করে ফিরেছেন।
ভারত সফরে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মাররকের বিস্তারিত প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে একটি গোপন নিরাপত্তা চুক্তি হয়েছে বলেও গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তার ব্যাখ্যাও দিতে হবে।
সম্ভাব্য তিস্তা চুক্তি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ আগের মতোই গঙ্গার পানি বণ্টন নিয়ে একটি চুক্তি করতে চায়। যাতে বাংলাদেশের স্বার্থহানি ঘটবে।
আওয়ামী লীগ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কোনো পদক্ষেপ কখনো নেয়নি দাবি করে খালেদা বলেন, তারা বিষয়টি ভারতের করুণার ওপর ছেড়ে দিয়েছে।
প্রধানমন্ত্রীর সফরে ভারত লাভবান হয়েছে দাবি করে তিনি বলেন, এ সফরে তিনি ভারতকে সব উজাড় করে দিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফর ভারতের জন্য শতভাগ সফল হলেও বাংলাদেশ কিছু পায়নি।
শেখ হাসিনা তার সফর শতভাগ সফল বলে জানিয়েছিলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা দাবি করেন, বন্দর ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রী ভুল তথ্য দিয়েছেন।
চট্টগ্রাম বন্দরের ৪০ শতাংশ এবং মংলা বন্দর ১০ শতাংশ বর্তমানে ব্যবহার হয় জানিয়ে প্রধানমন্ত্রী শনিবার বলেছিলেন, এ দুটি বন্দরকে আরো উন্নত করতে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে।
বেলা সোয়া ৪টার দিকে সংবাদ সম্মেলনের শুরুতেই ভারতের কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর মৃত্যুতে শোক প্রকাশ করেন খালেদা।
গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন- মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, মওদুদ আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের দিন খালেদার সংবাদ সম্মেলনের ঘোষণা থাকলেও পরে তা পিছিয়ে দেন বিএনপি চেয়ারপারসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৫০ ঘ.
bdnews24