২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রলীগের দুপক্ষের হাতাহাতি

ব্যাডমিন্টন খেলায় হাতাহাতির জের ধরে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগের দু'পক্ষ পরস্পরের চারটি কক্ষ ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 06:24 PM

Updated : 24 Aug 2022, 05:59 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাডমিন্টন খেলায় হাতাহাতির জের ধরে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগের দু'পক্ষ পরস্পরের চারটি কক্ষ ভাঙচুর করেছে। এ সময় জহুরুল হক হলের সামনের রাস্তায় ৪/৫টি ককটেল বিস্ফোরিত হয়। বুধবার রাতে জসীম উদদীন হল মাঠে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী সালাম ও সোহেলের মধ্যে হাতহাতি হয়। এর জের ধরে শুক্রবার রাতে টিএসসি এলাকায় এ দু'জনের মধ্যে আবারও হাতাহাতি হয়। এ সময় বিভিন্ন হলে তাদের সহপাঠীরাও দুই পক্ষের হয়ে মারামারি করে। এর জের ধরে রাত ১০টার দিকে জহুরুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল কবীর রাহাতের কক্ষসহ (২১২) কয়েকটি কক্ষ ভাঙচুর করে সভাপতি রিয়াজউদ্দীন চৌধুরী সুমনের সমর্থকরা। এরপর রাহাতের সমর্থকরা সুমনের (২২৫) কক্ষও ভাঙচুর করে। রাহাতের দাবি, সুমন নিজেই সমর্থকদের দিয়ে কক্ষ ভাঙচুর করিয়েছে। তবে প্রতিশোধ নিতে রাহাতের সমর্থকরা তার কক্ষ ভাঙচুর করেছে বলে দাবি সুমনের। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জসীম উদ্দীন ও জহুরুল হক হলে উত্তেজনার খবর শুনে আমরা ওই হলগুলোতে গিয়েছি। বিষয়টি সুরাহার চেষ্টা করছি।" তিনিও ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান। তবে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। এ বিষয়ে শাহবাগ থানার ওসি রেজাউল করিম জানান, ক্যাম্পাসে দু' গ্র"পের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সংশ্লিষ্ট হলগুলোতে অবস্থান নিয়েছে পুলিশ। এর আগে ক্যাম্পাসে ককটেলের বিস্ফোরণ ঘটেছে বলে তিনি শুনেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এইচএ/০০২৩ ঘ.