ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে বিশ্বব্যাংকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গেরেরো শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করছে।
ওয়াশিংটন ডিসি'র বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বৈঠকে সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক, বিশেষ করে রেল ও নদীপথে যোগাযোগ, জ্বালানি ও নৌচলাচল ক্ষেত্রে সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন, দক্ষিণ এশীয় দেশসমূহের মধ্যে বাণিজ্য এবং এ সব ক্ষেত্রে বিশ্বব্যাংকের বিনিয়োগ সম্পর্কে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী উপাত্ত-তথ্য বিজ্ঞানে সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহা পরিচালক মোহাম্মদ আলী সরকার এবং বিশ্বব্যাংকের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী ভার্জিনিয়ার আরলিংটন ন্যাশনাল সেমেট্রি পরিদর্শন করেন। সেখানে তিনি প্রয়াত সিনেটর এডওয়ার্ড কেনেডির সমাধিতে পুস্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সিনেটর কেনেডি বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত মাসে মৃত্যুবরণ করেন।
এছাড়া দীপু মনি ওয়াশিংটন ডিসিতে কর্মরত বাংলাদেশী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সর্ম্পকে সাংবাদিকদের অবহিত করেন।
বাংলাদেশকে 'ডিজিটাল বাংলাদেশে' রূপান্তরিত করার বিষয়ে বক্তব্য দেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। রাষ্ট্রদূত আকরামুল কাদের, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন শেখ মোহাম্মদ বেলাল ও প্রেস মিনিস্টার আখতার আহমেদ খান এসময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২১০৭ ঘ.
bdnews24