ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটিতে থাকলেও হরতাল কর্মসূচিতে আপত্তি রয়েছে ক্ষমতাসীন জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির।
তেল-গ্যাস অনুসন্ধানে সাগরের তিনটি ব্লক বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল এবং কমিটির পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে সোমবার ঢাকায় অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মুক্তাঙ্গনে হরতাল কর্মসূচি ঘোষণার সময় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাসও সভাস্থলে ছিলেন।
তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের শরিক হয়ে হরতাল ডাকার বিষয়ে রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ কর্মসূচির বিষয়ে আমাদের ভিন্নমত ছিল। আমরা নোট অফ ডিসেন্টও দিয়েছিলাম।"
তিনি বলেন, "হরতালের সিদ্ধান্তটি রিভিউ করে আমরা আগামীকাল (শুক্রবার) আমাদের মতামত দেব।"
হরতাল ডাকার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশ রক্ষার কথা বলে যারা হরতাল ডেকেছে, তারা দেশের ক্ষতি করার চেষ্টা করছে।
মুক্তাঙ্গনে সমাবেশে বিমল বিশ্বাস বলেন, "তেল-গ্যাস রক্ষার আন্দোলনকে ধারাবাহিকভাবে গণ আন্দোলনের পথে এগিয়ে নিতে হবে। কারণ এটা জনগণের আন্দোলন।"
এর আগে তেল-গ্যাস রক্ষা কমিটির বিভিন্ন কর্মসূচিতেও ওয়ার্কার্স পার্টির সক্রিয় অংশগ্রহণ ছিল। গত ২ সেপ্টেম্বর কমিটির পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে ডাকা সমাবেশে মেননও ছিলেন।
গত বৃহস্পতিবারের ওই সমাবেশে মেনন বলেন, "আমাদের গ্যাস রিজার্ভ বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। আমাদের বাপেক্স রয়েছে। এর সঙ্গে আন্তর্জাতিক কোম্পানিগুলো যৌথ উদ্যোগে গ্যাস আহরণ করলে সেটি অনেক লাভজনক হবে।"
পুলিশি হামলাকে বর্বরোচিত আখ্যায়িত করে মেনন বলেন, "সাত বছর লড়াই করে আমরা গণতন্ত্র পেয়েছি। এ গণতন্ত্র নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে।"
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তেল-গ্যাস রক্ষা কমিটির ডাকা একটি হরতালে পুলিশের হামলায় আহত হয়েছিলেন মেনন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/জিএনএ/১৬৬০ ঘ.
bdnews24