২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যারা হরতাল ডেকেছে তারা দেশের ক্ষতির চেষ্টা করছে: আশরাফ

দেশ রক্ষার কথা বলে যারা হরতাল ডেকেছে তারা দেশেরই ক্ষতি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 08:45 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশ রক্ষার কথা বলে যারা হরতাল ডেকেছে তারা দেশেরই ক্ষতি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ১৪ সেপ্টেম্বর সোমবার রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডেকেছে। তেল-গ্যাস অনুসন্ধানে সাগরের তিনটি ব্লক বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল এবং কমিটির পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে তারা এ কর্মসূচি দেয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, "যা কিছু করার সরকার স্বচ্ছভাবেই করছে। তেল ও গ্যাস রপ্তানির জন্য নয়, দেশের চাহিদা মেটানোর জন্যই সরকার নতুন করে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে। কাউকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার জন্য নয়।" সব পক্ষকেই ধৈর্যের পরিচয় দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ৫০ বছরের তেল গ্যাসের মজুদ রেখে রপ্তানির নীতির কারণেই ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "আওয়ামী লীগ এখনও সেই আগের অবস্থানেই রয়েছে।" উৎপাদন বন্টনের নমুনা চুক্তি 'মডেল পিএসসি ২০০৮' প্রসঙ্গে আশরাফ বলেন, "পিএসসিতে যে নিয়ম রয়েছে আপাতত তাই থাকবে। তবে পরবর্তীতে এই বিষয়গুলো আরও সংশোধন ও পরিশোধন করে নতুন চুক্তি করা হবে।" গত ২ সেপ্টেম্বর পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলায় তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ কমপক্ষে ২৩ জন আহত হয়। এ ঘটনায় পুলিশের আচরণকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেন আশরাফ। তিনি বলেন, পুলিশ সেদিন যা করেছে তা বাড়াবাড়ি করেছে। হরতাল প্রত্যাহারের বিষযে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সঙ্গে কোন বৈঠক করা হবে কিনা জানতে চাইলে আশরাফ বলেন, "এখানে কোনো আলোচনা বা বৈঠকের কিছু নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৫০০ ঘ.