বাগেরহাট, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারীতে শনিবার দুপুরে ছাত্রলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
উপজেলা সদরে বিএনপি কার্যালয়ে এই সংঘর্ষ হয়।
এ সময় ছাত্রলীগ সমর্থকরা বিএনপি কার্যালয়ের আসবাবপত্র এবং জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুর করে বলে বিএনপি নেতারা অভিযোগ করেন।
আহতদের মধ্যে রয়েছেন- ছাত্রলীগের চিতলমারী শেরেবাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনন্দ দত্ত (২৩), সহ-সভাপতি মামুন মাঝি (২৫), সাধারণ সম্পাদক আমিনুল মাঝি (২৪), সাংগঠনিক সম্পাদক রবি খাঁ (২৩), সদস্য সবুজ মুন্সি (২৫), শামীম হাসান তুহিন (২৪), সাগর শেখ (২২), মোজাহিদ মোল্লা (২৩) ও পলাশ শেখ (২৫)। তাদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া উপজেলা বিএনপি সদস্য আহসান হাবিব ঠাণ্ডা, আলী আহমেদ, সেলিম, চাঁন মিঞাসহ আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চিতলমারী উপজেলা বিএনপির আহবায়ক কাজী মনোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপির নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে তিনি একটি পরিচিতি সভা করেন। দুপুরে সভা শেষে নেতা-কর্মীরা বসে থাকা অবস্থায় ছাত্রলীগের ৪০-৫০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে তাদের ৭/৮ জন রক্তাক্ত জখম হয়।
হামলাকারীরা কার্যালয়সহ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুর করে বলেও জানান তিনি।
শেরেবাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনন্দ দত্ত হামলার কথা অস্বীকার করে বলেন, তারা কয়েক জন বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে যাবার সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী মনোয়ার হোসেন বঙ্গবন্ধুকে নিয়ে অশোভন উক্তি করেন। এর প্রতিবাদ করতে গেলে বিএনপি কর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে তিনিসহ অন্তত নয়জন রক্তাক্ত জখম হন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, দুপুরে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন। এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৪ ঘ.
bdnews24