চট্টগ্রাম, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কলেজে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচির প্রচারপত্র বিলি করতে দেয়নি ইসলামী ছাত্র শিবির কর্মীরা।
রোববার সকালে কর্মসূচির প্রচারপত্র এবং বোর্ডে টাঙানো নোটিশ তারা ছিঁড়ে ফেলে।
নাম প্রকাশ অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকাল ১০টার দিকে আজিজ আহমেদ নামে কলেজের একজন পিওনরে মাধ্যমে অধ্যক্ষের স্বাক্ষরিত প্রচারপত্র বিলি করার সময় শিবির কর্মীরা কেড়ে নেয়। পরে দুপুর ১২টায় আরেক পিওন মহিউদ্দিনকে দিয়ে বিলি করার উদ্যোগ নিলেও একই ঘটনা ঘটে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আবু জাফর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিবিরের নেতারা শোক দিবসের অনুষ্ঠান তিনদিনে সীমাবদ্ধ রাখার জন্য বলেছিল। কিন্তু আমরা তা মানিনি।"
প্রচারপত্র বিলি করার সময় বাধা দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ওরা কিছু প্রচারপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নেয় কলেজ কর্তৃপক্ষ।
এর মধ্যে রয়েছে বিভিন্ন অনুষদ ও আবাসিক হলে মুক্ত আলোচনা, কবিতা পাঠ, স্বেচ্ছায় রক্তাদান, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24